হোসেনপুরে গৃহবধূ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষ বল্লম দিয়ে আঘাত করে সুরাইয়া আক্তার (৪২) নামের এক গৃহবধূকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার উপজেলার হারেঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। সুরাইয়া ওই গ্রামের মো. হেলাল মিয়ার স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, জমি নিয়ে হেলাল মিয়ার সঙ্গে তাঁর ভাতিজা মোশারফ হোসেনের বিরোধ চলছে। গতকাল বেলা দুইটার দিকে উভয় পক্ষ বিরোধপূর্ণ জমিতে দখল প্রতিষ্ঠা করতে যায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। হেলালের স্ত্রী সুরাইয়া বেগম এগিয়ে এলে মোশারফ তাঁকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে সুরাইয়া মারা যান।
হেলাল মিয়া অভিযোগ করেন, ‘সাধারণ অজুহাত দেখিয়ে মোশারফ আমার জমি দখল করার চেষ্টা করে যাচ্ছে। আজ আমার জমিতে যাওয়ার পর মোশারফ দলবল নিয়ে আমাদের ওপর হামলা করে। পরে আমার স্ত্রীকে বল্লম দিয়ে আঘাত করে মেরে ফেলে।’
মোশারফ হোসেন দাবি করেন, জমি নিয়ে বিরোধ থাকলেও তিনি কাউকে বল্লম দিয়ে আঘাত করেননি।
হোসেনপুর থানার ওসি মো. নান্নু মোল্লা বলেন, লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।