হোসেনপুরে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত পঁাচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা শহরের বাজার জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত পাঁচজনের মধ্যে আলম মিয়া (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ইটের আঘাত লেগেছে। আলম পৌর এলাকার ঢেকিয়া গ্রামের হাদিস মিয়ার ছেলে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের নাম জানা যায়নি।
জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে কিশোরগঞ্জের হোসেনপুর নবনির্মিত পৌর ভবন উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ সময় মন্ত্রীকে ফুল দেওয়া ও তাঁর ছবি তোলা নিয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন ওরফে অপু ও ছাত্রলীগ নেতা আহাদুল ইসলামের সমর্থকদের মধ্যে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে বাদানুবাদ হয়। পরে বাজার জামে মসজিদ এলাকায় এক মতবিনিময় শেষে মন্ত্রী চলে যাওয়ার পর দুই পক্ষ লাঠি ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হোসেনপুর থানার ওসি মো. নান্নু মোল্লা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।
হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক জানান, মন্ত্রীকে ফুল দেওয়া ও তাঁর ছবি তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও ছাত্রলীগ নেতা আহাদুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য তাঁদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।