হোসেনপুরে জমি নিয়ে সংঘর্ষে আহত ২০
কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার দ্বীপেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে নারী, পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার এই ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে খোকন মিয়া (৫০), জুয়েল মিয়া (২৫) ও আজিজুর রহমানকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আবদুল হেকিম (৭৫), আরব আলী (৫০), মল্লিকা আক্তার (৬০), এরশাদ মিয়া (২৫), হাকিম মিয়া (৫০), সিরাজুল হক (৪৫), শামসুল হক (৫৫), কামাল মিয়া (৩২), কামরুল ইসলাম (৩০) ও মাসুদ মিয়াকে (২৪) হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি দীপেশ্বর এলাকায়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীপেশ্বর এলাকার সিরাজুল হক ও আরব আলী পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এ নিয়ে আগেও কয়েকবার সংঘর্ষ ঘটেছে। এর জের ধরে গতকাল সকাল ১০টার দিকে জমির দখল নিতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকার স্কুলগামী শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।