হোসেনপুরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে প্রথম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে যৌন হয়রানির চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার এক তরুণকে গ্রেপ্তার করেছে।
ওই তরুণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল কেশেরা সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, দক্ষিণ গোবিন্দপুর গ্রামের আল-মামুন (২২) গত রোববার সকাল সোয়া নয়টার দিকে ক্লাস শুরু হওয়ার আগে কেশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। তিনি এ সময় শ্রেণিকক্ষে থাকা ওই ছাত্রীকে (৭) যৌন হয়রানির চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে দরজা খুলে মামুন দ্রুত পালিয়ে যান।
মেয়েটির বাবা-মা অভিযোগ করেন, ‘ঘটনার পর বিদ্যালয় থেকে মেয়ে বাড়িতে এসে বাকরুদ্ধ হয়ে যায়। এখনো সে ভালোভাবে কথা বলতে পারে না। সে আর বিদ্যালয়ে যেতে চাইছে না। আমরা এ ব্যাপারে থানায় অভিযোগ করতে গেলে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসী স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দেন। কিন্তু ঘটনার তিন দিন হয়ে গেলেও তাঁরা কোনো ব্যবস্থা নেননি।’
গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সাংবাদিকেরা এলাকায় গিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে ঘটনার বিচার না করার কারণ জানতে চাইলে তাঁরা তাৎক্ষণিকভাবে আল–মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে স্থানীয় গোবিন্দপুর ইউপির চেয়ারম্যান আবুল কাশেম বলেন, ‘বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আমাকে মঙ্গলবার জানায়। আমি ওই দিনই সালিসে বিষয়টি নিষ্পত্তির জন্য মামুন ও তাঁর বাবাকে ডেকে পাঠাই। কিন্তু রাত সাড়ে ১১টা পর্যন্ত অপেক্ষা করলেও তাঁরা আসেননি। ফলে বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানাতে বলেছি।’ আল–মামুন ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করার কথা স্বীকার করেছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বলেন, এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আটক হওয়া মামুনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।