হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার
বরিশাল নগরের একটি আবাসিক হোটেল থেকে মহিমা ইসলাম (২১) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নগরের ফলপট্টি এলাকার আবাসিক হোটেল ফেয়ার স্টারের ৩০৯ নম্বর কক্ষের সিলিং ফ্যানে ঝুলে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, হোটেলের রেজিস্টারে মহিমা ইসলামের ঠিকানা লেখা রয়েছে ঢাকার ওয়ারী এলাকা। আর স্বামী পরিচয়ে তাঁর সঙ্গে হোটেলকক্ষে থাকা সায়েম আলমের ঠিকানা নারায়ণগঞ্জের নয়াবাজার এলাকা। সায়েম পালিয়ে গেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিক আবদুর রব বিশ্বাস ও ব্যবস্থাপক মো. মজিবর রহমানকে আটক করেছে।
থানার পুলিশ সূত্র জানায়, হোটেল থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হোটেলের ৩০৯ নম্বর কক্ষের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। আবার বাহির থেকেও দরজায় তালা দেওয়া ছিল। দরজা ভেঙে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হোটেলের ব্যবস্থাপক মজিবর রহমান জানান, গত মঙ্গলবার দুপুরে সায়েম আলম হোটেলে ওঠেন। গতকাল সকাল নয়টায় তিনি তাঁর স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে মহিমা ইসলামকে হোটেলে আনেন। দুপুর ১২টার কিছু আগে হোটেলকক্ষ থেকে বের হয়ে যান সায়েম আলম।