হোটেল থেকে নিখোঁজ শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহপুরের একটি হোটেল থেকে নিখোঁজ হওয়া দেড় বছরের শিশু মনিশাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মনিশার নানি পুষ্প রানী দাস হত্যা মামলায় গ্রেপ্তার আসামির দেওয়া তথ্য অনুযায়ী, মাগুরা থেকে তাকে উদ্ধার করা হয়।
গতকাল বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
১৭ এপ্রিল রাতে আবদুল্লাহপুরের একটি হোটেলে খুন হন পুষ্প রানী। ওই দিন তিনি ও তাঁর নাতনি মনিশা লিটন কুমার দাস নামের পূর্বপরিচিত এক ব্যক্তির সঙ্গে হোটেলটিতে উঠেছিলেন। পুলিশের তথ্য অনুযায়ী, ওই রাতে লিটন মনিশাকে নিয়ে হোটেল থেকে বের হয়ে যান।
সংবাদ সম্মেলনে ডিবি উত্তরের উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, গত সোমবার লিটনকে গ্রেপ্তার করা হয়। পরে লিটনের দেওয়া তথ্য অনুসারে মাগুরার শ্রীপুরের বড়লীদহ গ্রামের প্রশান্ত কুমার দাস ও তাঁর স্ত্রী পান্না দাসের হেফাজত থেকে মনিশাকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, লিটনের সহযোগী শাহ আলমের সরবরাহ করা চাকু দিয়ে পুষ্প রানীকে খুন করেন লিটন। এরপর মনিশাকে প্রশান্ত-পান্না দম্পতির কাছে হস্তান্তর করেন।
ডিবি উত্তরের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. তরিকুল ইসলাম বলেন, লিটনের এক বান্ধবীর আত্মীয় হচ্ছেন প্রশান্ত-পান্না দম্পতি; তাঁরা নিঃসন্তান। তাঁদের একটি সন্তান দত্তক নেওয়ার ব্যবস্থা করে দিতে বলেছিলেন লিটনের বান্ধবী। এই দম্পতির কাছ থেকে ৩০ হাজার টাকাও নিয়েছিলেন লিটন। লিটনের ভাষ্য, এই ৩০ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকা তিনি পুষ্পকে দিয়েছেন। বিনিময়ে পুষ্প তাঁর নাতনিকে লিটনের মাধ্যমে ওই দম্পতির কাছে তুলে দেবেন। কিন্তু শেষ পর্যন্ত রাজি না হওয়ায় পুষ্পকে খুন করেন লিটন।