হোটেল থেকে পা বাঁধা লাশ উদ্ধার
সিলেট নগরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির পা বাঁধা লাশ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু নিহত ব্যক্তির স্বজনদের দাবি, এটি হত্যাকাণ্ড।
গত বৃহস্পতিবার সিলেট নগরের ধোপাদিঘিরপাড় এলাকার ‘সানফ্লাওয়ার’ নামের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর নাম তেরা মিয়া (৩৫)। বাড়ি সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জারারকোনো গ্রামে।
হোটেল ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হোটেলের একটি কক্ষ বরাদ্দ নেন তেরা মিয়া। এর ১৫ মিনিট পর হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। খবর পেয়ে কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠায়।
হোটেলের ব্যবস্থাপক লোকমান মিয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তেরা মিয়ার মৃত্যু হয়েছে। তবে কেন তাঁর পা বাঁধা ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
তেরা মিয়ার চাচাতো ভাই মাজহারুল ইসলাম রাতেই হোটেলে গিয়ে ভাইয়ের লাশ শনাক্ত করেন। তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষ বলছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর ভাই মারা গেছেন। কিন্তু তাঁর পা কেন বাঁধা ছিল, সে বিষয়ে তারা স্পষ্ট কিছু বলতে পারছে না। এ কারণেই ঘটনাটি নিয়ে তাঁদের সন্দেহের সৃষ্টি হয়েছে।