হোটেল থেকে শিক্ষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে বিজয় কুমার দাস (৩৫) নামের এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে শহরের বড় ইন্দারা মোড়ে অবস্থিত জমজম আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বিজয় রাজশাহীর তানোর উপজেলার চাত্রা এলাকার বিশ্বনাথ চন্দ্র দাসের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া একটার দিকে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষের দরজা ভেঙে বিজয়ের লাশ উদ্ধার করা হয়। কক্ষের দরজাটি ভেতর থেকে লাগানো ছিল। লাশটি বিছানায় শোয়া অবস্থায় পাওয়া যায়। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বিজয় ১৮ জুলাই বিকেলে ওই হোটেলে ওঠেন। বিজয় তানোরের চাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধারণা করা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকেলে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।