হোটেল ব্যবস্থাপককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন
আনোয়ার হোসেন

পুরান ঢাকার একটি হোটেল থেকে গতকাল শনিবার সকালে ব্যবস্থাপকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হোটেল মালিকের ভাইসহ নয়জনকে আটক করেছে।

হোটেলের নিহত ব্যবস্থাপক আনোয়ার হোসেন ব্যাপারীর (৩৮) বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুরে। তিনি দুই কন্যাসন্তানের জনক। ময়নাতদন্তের জন্য আনোয়ারের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মর্গ সূত্র জানায়, আনোয়ারের গলা কাটা ছিল। এ ছাড়া তাঁর মাথায় ধারালো অস্ত্রের ১০-১২টি আঘাতের চিহ্ন আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আল আরাফাত হোটেলের একজন কর্মচারী বলেন, তাঁরা ৮-১০ জন কর্মচারী রাতে কাজ শেষে হোটেলের দ্বিতীয় তলায় গিয়ে ঘুমান। তাঁদের পাশের কক্ষে থাকতেন ব্যবস্থাপক আনোয়ার। শনিবার ভোরে হোটেলের অন্যান্য কর্মচারীর কাছ থেকে শুনতে পান আনোয়ারকে ঘরের ভেতরে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে কেউ।

আনোয়ারের ভাতিজা মোখলেস ব্যাপারী (৩০) বলেন, সাত ভাইয়ের মধ্যে আনোয়ার সবার ছোট ছিলেন। গত ঈদের ছুটি শেষে তিনি ঢাকায় আসেন। এরপর আর বাড়ি যাননি। এলাকায় তাঁর সঙ্গে কারও বিবাদ ছিল না। হোটেলের লোকজনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান বলেন, সকাল সাতটার দিকে আরাফাত হোটেলের কর্মচারীরা আনোয়ারের কক্ষে গিয়ে তাঁকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। তিনি বলেন, তাঁর ধারণা, রাতের কোনো একসময় মসলা বাটার পাথর দিয়ে আনোয়ারের মাথায় আঘাত করা হয়। পরে তাঁকে গলা কেটে হত্যা করা হয়। তিনি বলেন, কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্ত চলছে।