হোটেল-রেস্তোরাঁ ও বেকারিতে পচা-বাসি খাবার
রংপুর নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও বেকারিতে পচা-বাসি খাবার পরিবেশন করা হচ্ছে। অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগ উঠেছে। ইতিমধ্যে সিটি করপোরেশনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান শুরু করেছেন।
গত ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আট দিনে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বড় তিনটি বেকারির দোকানের কারখানায় অভিযান চালান। অভিযানকালে ওই তিন কারখানায় অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ পাওয়া গেছে। আরও পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ জেলি, পচা-বাসি পাউরুটি, অননুমোদিত রং। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় শ্রমিকদের কাজ করতে দেখেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত প্রতিটি বেকারিকে পাঁচ হাজার করে টাকা জরিমানা করে তাদের সতর্ক করে দেন। এই তিন বেকারি হলো মহুয়া, মৌবন ও সাঈদ বেকারি। এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা শেষে এসব প্রতিষ্ঠান তাদের আগের অবস্থায় ফিরে গেছে বলে অভিযোগ উঠেছে। যেসব বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে, সেসবের কোনোটিই তারা মানছে না।
অভিযোগ অস্বীকার করে মহুয়া বেকারির মালিক মুন্না মিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া শর্ত মেনে চলা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, শুধু সতর্ক কিংবা সামান্য জরিমানা করে এটি দমন করা সম্ভব নয়। এ ব্যাপারে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পর্যায়ক্রমে যেন অব্যাহত থাকে। সিটি করপোরেশন সূত্র জানায়, নগরে ৩০টির বেশি বড় হোটেল-রেস্তোরাঁসহ আনুমানিক ২০০ ছোট খাবারের দোকান রয়েছে। সেই সঙ্গে নগরে ৩৫টি ছোট-বড় বেকারি রয়েছে। বেকারি দোকানগুলোর কারখানা ও হোটেল-রেস্তোরাঁগুলোর রান্নাঘরের পরিবেশ নোংরা, অপরিচ্ছন্ন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম জানান, সুন্দর নগর গঠনে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, নগরকে পরিচ্ছন্ন রাখতে সড়কের দুই ধার ও ফুটপাত থেকে দোকানপাট উচ্ছেদ অভিযান চলছে। নোংরা পরিবেশে খাবারের দোকানেও অভিযান চলছে। এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হচ্ছে। অবস্থার পরিবর্তন না হলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।