হোটেলকক্ষ থেকে ছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের একটি আবাসিক হোটেল থেকে মো. কিসলু সরদার (২৬) নামে ব্রজমোহন (বিএম) কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে হোটেলের একটি কক্ষের তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, কিসলুকে তাঁর এক বন্ধু হত্যা করেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বিএম কলেজের ইতিহাস বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র ছিলেন কিসলু। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার তালতলা গ্রামের এনায়েত সরদারের ছেলে।
কিসলুর বাবা জানান, তাঁর ছেলে দুই মাস আগে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ নেন। বুধবার তিনি ঢাকা থেকে বরিশালে আসেন। সকাল ৬টা ৪০ মিনিটে তাঁর সঙ্গে মুঠোফোনে কথা হয়। তখন কিসলু বলেন, কলেজে গিয়ে ফরম পূরণ করে বাড়িতে যাবেন। কিন্তু দুপুর পর্যন্ত তিনি বাড়িতে ফেরেননি। বিকেল চারটার দিকে তাঁর মুঠোফোনে কল করা হয়। কিন্তু কেউ ধরেনি। সন্ধ্যার দিকে তাঁর মুঠোফোন নম্বরটিই বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। শুরু হয় কিসলুকে খোঁজাখুঁজি।
বরিশাল হোটেলের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মো. বশির হাওলাদার (২৭) নামের এক ব্যক্তি তাঁর হোটেলের ৩০১ নম্বর কক্ষে ওঠেন। সঙ্গে ছিলেন বশিরের এক বন্ধু। দুপুর পর্যন্ত তাঁরা কক্ষে অবস্থান করেন। বিকেল সাড়ে চারটার দিকে এক বন্ধু চলে যান। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের কক্ষে গিয়ে কক্ষটি তালাবদ্ধ পাওয়া যায়। এরপর হোটেল রেজিস্টারে দেওয়া মুঠোফোন নম্বরে কল করলে সেটিও বন্ধ পাওয়া যায়। পরে কক্ষটির পাশের জানালা দিয়ে দেখা যায়, ভেতরে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ রাত ১০টা ৫০ মিনিটে কক্ষের তালা ভেঙে লাশটি উদ্ধার করে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, কিছু একটা খাইয়ে অচেতন করে শ্বাসরোধে কিসলুকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, হোটেল রেজিস্টারে ভুয়া নামে কক্ষ বরাদ্দ নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, কিসলুর বন্ধু পরিচয় দেওয়া বশির হাওলাদার নামের ওই ব্যক্তিই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। সন্দেহভাজন হত্যাকারীর পরিচয় পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে কিসলুর পরিবার।