হোটেলশ্রমিক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় হোটেলশ্রমিক আবদুল হান্নান (৩২) হত্যা মামলার প্রধান আসামি মো. বুদারুকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সৈয়দপুর শহরের ঢেলাপীরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করে জিআরপি থানার পুলিশ।
বুদারু ঢেলাপীর কাদিখোল এলাকার মৃত আইজুলের ছেলে। পেশায় ডেকোরেটরের শ্রমিক।
হান্নান হত্যা মামলার প্রধান আসামি বুদারুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিদ্ধার্থ শংকর দে জানান, আজ শনিবার বুদারুকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
ঢেলাপীর কাদিখোল এলাকার বাসিন্দা হান্নান (৩২) ঢেলাপীরহাটের জনৈক কালামের হোটেলে মেসিয়ার (হোটেলশ্রমিক) ছিলেন। গত সোমবার বাড়ির অদূরে সৈয়দপুর-চিলাহাটি রেললাইনের পাশ থেকে দুই পা কাটা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন মঙ্গলবার হান্নানের স্ত্রী রেহেনা পারভীন সৈয়দপুর জিআরপি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।