হোটেলশ্রমিক হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হোটেলশ্রমিক আবদুল মোমিন (২২) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
মাদকবিরোধী সংগঠন ড্রাগস ফ্রি বাংলাদেশের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে। তেঁতুলিয়া চৌরাস্তায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নিহত আবদুল মোমিনের পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
সমাবেশে উপজেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুমন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ড্রাগস ফ্রি বাংলাদেশের নির্বাহী পরিচালক আতিকুজ্জামান ও স্থানীয় বাসিন্দা কাজী মকছেদুর রহমান বক্তব্য দেন। তাঁরা হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
২৩ আগস্ট তেঁতুলিয়া সদরের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উত্তর পাশের আখখেত থেকে আবদুল মোমিনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন মোমিনের মা রোমেনা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন। গত সাত দিনেও পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে রোমেনা বেগম অভিযোগ করেন, তাঁর মেয়ের স্বামী রুবেল হোসেন পরিকল্পিতভাবে মোমিনকে হত্যা করেছেন। ঘটনার পর থেকেই রুবেল পলাতক। বিষয়টি থানা-পুলিশকেও জানিয়েছেন তিনি।
তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. একরাম আলী বলেন, মোমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর গলায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।