হোটেলে খুন হওয়া নারীর লাশ পাঁচ দিন পর শনাক্ত
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের জোয়াদ্দার হোটেলে খুন হওয়া এক নারীর লাশ পাঁচ দিন পর শনাক্ত হয়েছে। নিহত নারীর নাম আলো বেগম (৪৫)। তিনি মাদারীপুর জেলার রাজৈর থানার সাতবাড়িয়া গ্রামের মজিবর মাতব্বরের স্ত্রী। গতকাল বুধবার দুপুরে লাশ তাঁর স্বামী এবং দুই ছেলে এসে শনাক্ত করেন।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, গত ২৯ ডিসেম্বর রাতে আবদুর রহিম নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি ওই নারীকে নিয়ে এনায়েতপুরের হাফেজ জোয়াদ্দার আবাসিক হোটেলে কক্ষ ভাড়া নেন। তাঁরা সেখানে ভুল ঠিকানা ও মুঠোফোনের ভুল নম্বর লিপিবদ্ধ করে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করেন। পরদিন রাতে রহিম হোটেলের বাইরে যান। কক্ষটিতে তালা দেখে বিষয়টি থানা-পুলিশকে জানায় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে ওই নারীর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর বিভিন্ন পত্রপত্রিকা মারফত ওই নারীর ছেলে বিষয়টি জানতে পেরে থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করে। গতকাল দুপুরে বাবাকে নিয়ে থানায় এসে ওই নারীর দুই ছেলে লাশ শনাক্ত করে।
নিহত নারীর স্বামী মজিবর মাতব্বর বলেন, আলো বেগম গত বুধবার সকালে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন।