হোটেলে চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালীতে একটি আবাসিক হোটেলে আজ মঙ্গলবার এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়। সাইদুর রহমান (৬১) নামের এই চিকিৎসক ফরিদপুর প্যারামেডিকেল কলেজের সাবেক সহকারী পরিচালক।

থানার উপপরিদর্শক মো. রিপন জানান, দুপুরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের ছেলে মো. সোহানুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাঁদের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারিয়া গ্রামে। সাইদুর রহমান ফরিদপুর প্যারামেডিকেল সহকারী পরিচালক পদ থেকে গত ১৩ এপ্রিল অবসরে যান।

সোহান আরও বলেন, গতকাল সোমবার ওই চিকিৎসক নিজ এলাকার মো. সুলতান (৫০) নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঢাকার মহাখালীর প্রগতি আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। আজ দুপুরে সুলতান খাবার খেতে বাইরে যান। ফিরে এসে ওই কক্ষের দরজা ভেতর বন্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানান এবং তাঁর ছেলেকেও ফোন করেন। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি বনানী থানাকে জানায়। পুলিশ এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। তাঁর গলায় ও বাঁ হাতে কাটা জখম ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটায় মারা যান।

নিহত ব্যক্তির ছেলে বলেন, তাঁর বাবা পেনশনের টাকা পাওয়া নিয়ে সব সময় চিন্তিত থাকতেন। তবে কীভাবে, কেন, তিনি এ অবস্থার শিকার হয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।