হোটেলে স্কুলশিক্ষককে গলা কেটে হত্যার চেষ্টা
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেলে গতকাল সোমবার রাতে জগদীশ চন্দ্র রায় (৩৫) নামের এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রমনা থানার পুলিশ জানায়, জগদীশ চন্দ্র রায় নীলফামারীর সৈয়দপুরের বঙ্গবন্ধু হাইস্কুলের প্রধান শিক্ষক। দুদিন আগে কাজে ঢাকায় এসেছিলেন। গতকাল মগবাজার মোড়ে পরশ ইন্টারন্যাশনাল হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে ওঠেন তিনি। সেখানেই তাঁকে জবাই করার চেষ্টা করে একজন দুর্বৃত্ত। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে আহত শিক্ষক পুলিশকে কিছু জানাতে পারেননি। পুলিশ হোটেলের ব্যবস্থাপকসহ দুজনকে আটক করেছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, আহত শিক্ষকের ভাষ্য অনুযায়ী, গতকাল রাত সাড়ে আটটার দিকে অস্ত্রধারী এক ব্যক্তি হঠাৎ করে তাঁর কক্ষে ঢুকে প্রথমে গুলি ছোড়ার চেষ্টা করেন। গুলি বের না হওয়ায় ধারালো ছুরি দিয়ে জগদীশের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। এ সময় বাধা দিতে গেলে জগদীশের থুতনি ও ডান হাত কেটে যায়। তাঁর চিৎকার শুনে হোটেলের কর্মীরা এগিয়ে গেলে হামলাকারী পালিয়ে যায়। এরপর হোটেলের কর্মীরা তাঁকে স্থানীয় ইনসাফ বারাকাহ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
হাসপাতাল সূত্র জানায়, প্রচুর রক্তক্ষরণে জগদীশ দুর্বল হয়ে পড়েছেন। তাঁর গলায় গভীর জখম রয়েছে।
পুলিশ জানায়, হোটেল পরশে সিসি ক্যামেরা বসানো আছে। কিন্তু ভিডিওচিত্র সংরক্ষণের ব্যবস্থা নেই। এ কারণে ঘটনার সময়ের কোনো ছবি পাওয়া যায়নি। হোটেল থেকে পুলিশ রক্তমাখা ছুরি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, খেলনা পিস্তল দিয়ে ভয় দেখিয়ে ছুরি চালিয়ে তাঁকে হত্যার চেষ্টা করেছিল হামলাকারী।