কুমিল্লার হোমনা উপজেলায় গতকাল বুধবার শাহিনুর আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শাহিনুরের পরিবারের দাবি, শ্বশুরবাড়ির লোকজন যৌতুক দাবি করে না পেয়ে পিটিয়ে হত্যার পর তাঁর মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
শাহিনুর আক্তার (২২) উপজেলার আলীপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জিলানী মিয়ার স্ত্রী। এ ঘটনায় থানায় মামলা করেছেন শাহিনুরের মা শান্তি বেগম।
শাহিনুর আক্তারের পরিবারের অভিযোগ, তিন বছর আগে জিলানী মিয়ার সঙ্গে হোমনা পৌর এলাকার শ্রীমদ্দি গ্রামের আমির হোসেনের মেয়ে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৪০ হাজার টাকা ও আসবাব দেওয়া হয়। গতকাল বেলা ১১টার দিকে জিলানী মিয়া তাঁর স্ত্রী শাহিনুরকে বাবার বাড়ি থেকে আরও টাকা এনে দেওয়ার জন্য লাঠি ও কাঠের গুঁড়ি দিয়ে মারধর করেন। একপর্যায়ে শাহিনুরকে বাড়িতে ফেলে জিলানী পালিয়ে যান। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুপুর ১২টার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর লাশ সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শাহিনুরের মা শান্তি বেগম অভিযোগ করেন, ‘যৌতুকের জন্য প্রায়ই আমার মেয়েকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করতেন। তাঁরা আমার মেয়েকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দিয়েছে। পাশের বাড়ির লোকজন আমার মেয়েকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ অভিযোগের বিষয়ে জিলানী মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।
হোমনা থানার ওসি মো. আবুল ফয়সাল বলেন, শাহিনুর আক্তারের পিঠে ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছ। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন না এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।