হোমনায় চাঁদা না দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
কুমিল্লার হোমনা উপজেলায় চাঁদা না দেওয়ায় হোমনা ডিগ্রি কলেজের ইকবাল হোসেন নামের এক শিক্ষক গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন যুবকের হাতে লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন কলেজের শিক্ষার্থীরা।
হোমনা ডিগ্রি কলেজের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষক ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, ‘ছয় মাস আগে কলেজে আমার নিয়োগ হয়েছে। সেই নিয়োগের বিষয়ে স্থানীয় বখাটে মনির হোসেন, তরিকুল ইসলাম ওরফে পিয়াস, আতিক মিয়া আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার সন্ধ্যায় মনির ও পিয়াসের নেতৃত্বে কয়েকজন হোমনা পুরোনো বাসস্ট্যান্ডে আমাকে কিল-ঘুষি মারে ও আমার সঙ্গে থাকা আবু শাহিন ওরফে পুতুলকে ব্যাপক মারধর করে। আমি তাৎক্ষণিক বিষয়টি থানায় এবং কলেজের শিক্ষকদের জানিয়েছি। আজ (গতকাল শনিবার) কলেজে মিলাদ শেষে সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদে মিছিল করেছে।’
মনির হোসেন মুঠোফোনে বলেন, ‘ইকবাল হোসেনের কলেজে নিয়োগের বিষয়ে আমাদের খরচের কিছু টাকা দেওয়ার কথা ছিল। সে জন্য আমরা ইকবালকে জিজ্ঞেস করেছি। তাঁকে কোনো মারধর করিনি, তবে পুতুলকে কিল-ঘুষি দিয়েছি।’ তরিকুল ইসলাম বলেন, ‘ইকবালকে মারধরের কোনো প্রশ্নই ওঠে না।’
হোমনা থানার ওসি কামরুজ্জামান সিকদার বলেন, ‘শুক্রবার শিক্ষক লাঞ্ছিত হওয়ার কথা শুনে পুরোনো বাসস্ট্যান্ডে পুলিশ পাঠিয়েছিলাম, কিন্তু পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা সটকে পড়ে। লিখিত অভিযোগ দিলে বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’