হোমনায় অপহরণের ১২ ঘণ্টা পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ১
কুমিল্লার হোমনা উপজেলায় মো. তামিম নামের এক বছর নয় মাস বয়সী এক শিশুকে অপহরণের ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার উপজেলার আলীপুর গ্রামে অপহরণের এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
অপহরণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জিলানী (২২)। তিনি হোমনা উপজেলার নালাদক্ষিণ গ্রামের মো. রবিউল মিয়ার ছেলে। তাঁকে গতকাল পুলিশ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
থানা–পুলিশ ও শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার আলীপুর গ্রামের কৃষক মানিক মিয়ার ছেলে মো. তামিমকে শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঘুরতে নিয়ে যাওয়া কথা বলে বাড়ি থেকে নিয়ে যায় জিলানী। জিলানী সম্পর্কে মানিক মিয়ার খালাতো ভাই। রাত হলে তামিমকে বাড়িতে ফিরিয়ে না দেওয়ায় তাঁদের সন্দেহ হয়। পরে রাত নয়টার দিকে ঘটনাটি থানা-পুলিশকে জানান মানিক মিয়া। ওই সময়ে একটি অপরিচিত মুঠোফোন থেকে মানিক মিয়ার মুঠোফোনে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এক অপহরণকারী। পরে জিলানীকে কৌশলে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি অপহরণের কথা স্বীকার করেন এবং তাঁর বন্ধু মো. ফয়সলের কাছে শিশুটি আছে বলে জানান। ফয়সলের সঙ্গে জিলানীকে দিয়ে মুঠোফোনে কথা বলিয়ে শিশুটির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ।
পরে ভোর ছয়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি এলাকার ওষারচর গ্রামের ফয়সলের আত্মীয় আনোয়ার হোসেনের বাড়ি থেকে তামিমকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে গতকাল রোববার জিলানী ও ফয়সলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, জিলানীর স্বীকারোক্তির ভিত্তিতে তামিমকে উদ্ধার করা হয়েছে।