হোমনায় যুবককে কুপিয়ে হত্যা, মতলবে লাশ উদ্ধার
কুমিল্লার হোমনা উপজেলায় গতকাল মঙ্গলবার এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের আবদুল লতিফ (২৮) ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আদুরভিটি গ্রামের তাজুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন (২৫)।
হোমনা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের পাশে কৃষিজমিতে আবদুল লতিফের লাশ পড়ে থাকতে দেখে থানা-পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হোমনা থানার ওসি রসুল আহামদ নিজামী বলেন, লতিফের গলা, মাথায় ও হাতে কোপের চিহ্ন রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে মতলব উত্তর উপজেলার আদুরভিটি গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের (৩০) সঙ্গে টরকী গ্রামের বোরহানউদ্দিন ব্যাপারীর মেয়ে রাবেয়ার বিয়ে হয়। গত সোমবার সন্ধ্যা সাতটায় রাবেয়া তাঁর শয়নকক্ষে অসুস্থ হয়ে পড়লে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।