হোসেনপুরে দুই বছরের শিশুসন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা

কিশোরগঞ্জের হোসেনপুরে দুই বছরের শিশুসন্তানকে গলাটিপে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা শামসুন্নাহার বেগম (২৫)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর বাবার নাম সবুজ মিয়া। তিনি স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে ঘরের ছিদ্র দিয়ে সবুজ মিয়া দেখতে পান তাঁর স্ত্রী শামসুন্নাহার ঘরে ঝুলে আছেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আহত অবস্থায় স্ত্রীকে নামিয়ে আনেন তিনি। এ সময় ওই কক্ষে দুই বছরের শিশু ফয়সালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সবুজ।
শামসুন্নাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, শামসুন্নাহারের সঙ্গে শাশুড়ি ও জায়ের কয়েক দিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ ছাড়া ঘরে কয়েক দিন ধরে তেমন খাবারও ছিল না। এসব কারণেই নিজ সন্তানকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করার পর নিজেও ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সন্তানকে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে মা নিজের ফাঁসি দাবি করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, ঘটনায় স্ত্রীকে খুনের আসামি করে সবুজ মিয়া থানায় হত্যা মামলা করেছেন। আসামি শামসুন্নাহারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।