হোসেনি দালানের ঘটনায় ৫ 'জেএমবি সদস্য' গ্রেপ্তার
রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় গ্রেনেড হামলা ও আশুলিয়ায় তল্লাশিচৌকিতে পুলিশ হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে, তাঁরা সবাই নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য।
এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে প্রেস ব্রিফিং করেন।
তিনি বলেন, গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর মিরপুর, আবদুল্লাহপুর, গুলিস্তান ও কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এঁরা হলেন, চান মিয়া, মো. ওমর ফারুক ওরফে মানিক, মো. শাহজালাল, হাফেজ ক্বারি আহসানউল্লাহ মাহমুদ ও মো. কবির হোসেন ওরফে রাশেদ ওরফে আশিক।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য বলে জানিয়েছেন। তাঁদের মধ্যে রাশেদ ওরফে আশিক হোসেনি দালানে গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি জড়িত। বাকি চারজন ওই ঘটনায় বাসা ভাড়া, আর্থিক ও অন্যান্য সহযোগিতা দিয়েছেন। তাঁরা বেশ কিছুদিন ধরে ঢাকা ও আশপাশের এলাকায় বাসাভাড়া নিয়ে জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছিলেন। জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া ও হামলার প্রস্তুতি ছিল তাঁদের উদ্দেশ্য।
প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, গতকাল রাতে রাজধানীর গাবতলীর দ্বীপনগর বেড়িবাঁধে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানী ওরফে আবদুল্লাহ বাকী ওরফে রেজাউল ওরফে হুজ্জাত ওরফে মেম্বর (৩৫) হোসেনি দালানে হামলার ঘটনায় জড়িত ছিলেন। এ ছাড়া আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে পুলিশ সদস্যকে হত্যার ঘটনাতেও জড়িত ছিলেন জেএমবির একটি অংশের সামরিক প্রধান মাহফুজ।
আরও জানতে পড়ুন..
এবার কুপিয়ে পুলিশ হত্যা
মধ্যরাতে বোমা হামলায় নিহত ১, আহত শতাধিক