হোস্টেলের ছাদে ছাত্রীকে ছুরিকাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদরের একটি পুনর্বাসন কেন্দ্রের ছাত্রী হোস্টেলের ছাদে ছুরিকাঘাতে মিনা বেগম (১৪) গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় উচ্চমাধ্যমিক শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে।

আজ শনিবার সকালে লালমনিরহাট সদরের হাড়ীভাঙ্গা এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের লালমনিরহাটের সামাজিক স্বাস্থ্য প্রকল্পের আওতাধীন দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের ছাত্রী হোস্টেলের ছাদে এ ঘটনা ঘটে।

আহত মিনাকে প্রথম প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুরে মিনাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আজমল হক বলেন, মেয়েটির দুই হাতে, বুকে, ঊরু এবং গালে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আজ বেলা দুইটায় আরডিআরএসের ওই দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রের মিলনায়তনে ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে বেসরকারি ওই সংস্থাটির লালমনিরহাট কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার (হেলথ) এরশাদুল হক লিখিত বক্তব্যে বলেন, পুনর্বাসন কেন্দ্রে শনিবার সকাল ১০টার দিকে মিনা হোস্টেলের ছাদে কাপড় শুকাতে যায়। উচ্চমাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের একজন ছাত্র তাকে ছুরিকাঘাত করে। ওই ছাত্রীর চিৎকারে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টরা গিয়ে মিনাকে উদ্ধার করে ও ফোন করে হোস্টেল সুপার ও শিক্ষকদের ঘটনাটি জানান।

এরশাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও ছাত্রকে আটক করেছে। মিনা ও হামলাকারী ছাত্রের পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। মিনার চিকিৎসার দায়িত্ব আরডিআরএস নিয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আটক ছাত্র অসংলগ্ন বক্তব্য দিয়েছে। প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

আরডিআরএস সূত্রে জানা গেছে, হামলাকারী ছাত্র লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি (মানবিক) পরীক্ষায় অংশ নেওয়ার কথা। ২০১০ সালের ১ মার্চ সে এই দৃষ্টি প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে (আবাসিক) ভর্তি হয়। আর মিনা লালমনিরহাট সদর উপজেলার দরগার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে ওই পুনর্বাসন কেন্দ্রে (আবাসিক) ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি ভর্তি হয়।

আরডিআরএসের প্রোগ্রাম ম্যানেজার (হেলথ) এরশাদুল ইসলাম বলেন, ‘ঘটনার জন্য দায়ী জাহাঙ্গীরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে। মিনার পরিবার থেকে মামলা করা না হলে আমরাই (আরডিআরএস) থানায় মামলা করব।’