হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের লিংক পাঠানো হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রতারণার অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার রাত থেকে গত শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ২২ জনকে আটক করে ডিবি। তাঁদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জোবায়ের হোসেন, মো. আকিব বিন বারী, নাহিদুল হক, সাজু আহমেদ, মাহমুদুল হাসান, সামিউল ইসলাম, সাব্বির হোসেন, হাসানুর রশিদ, মো. মেহেদী হাসান, হৃদয় ইসলাম, রায়হান রাব্বী, আকাশ আহমেদ, মো. তানভীর, সবুজ খান, মো. সোহাগ, মেহেদী হাসান ও মানিক মিয়া। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে ডিবি বলেছে, প্রশ্নপত্রের বিনিময়ে তাঁরা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে তিন থেকে পাঁচ লাখ টাকার চুক্তি করতেন। শিক্ষার্থীদের মূল সনদ নিজেদের জিম্মায় রাখতেন। টাকা পাওয়ার পর সনদ ফিরিয়ে দেওয়া হতো। হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্রের লিংক পাঠিয়ে দেওয়া হতো।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম এসব কথা বলেন। গতকাল ওই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপকমিশনার শেখ নাজমুল আলম ব্রিফিংয়ে বলেন, বৃহস্পতিবার রাতে প্রথমে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে থেকে জোবায়ের হোসেনকে আটক করেন তাঁরা। পরে জোবায়েরের দেওয়া তথ্য অনুযায়ী অন্যদের আটক করা হয়। এ ঘটনার মূল হোতা জোবায়ের, আকিব ও নাহিদুল। আকিব ও নাহিদুলের কাছ থেকে ১০টি সনদ পাওয়া গেছে।