হ্যাক করে মিসরে তথ্য পাঠানো হচ্ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভের অর্থ চুরি
রিজার্ভের অর্থ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সময়ে একটি কম্পিউটার থেকে ম্যালওয়ারের মাধ্যমে উত্তর আফ্রিকার একটি দেশে তথ্য পাঠানোর চেষ্টা হয়েছিল। এ ঘটনার পর বাংলাদেশ ব্যাংক থেকে যে ৩২টি কম্পিউটার জব্দ করা হয়, তার একটি দিয়ে এ প্রচেষ্টা হয়েছিল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে বিষয়টি বেরিয়ে এসেছে।
বার্তা সংস্থা এএফপি এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। এএফপি বলছে, উত্তর আফ্রিকার দেশটি হচ্ছে মিসর।
এ বিষয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি শাহ আলম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘জব্দ করা ৩২টি কম্পিউটারের একটি থেকে উত্তর আফ্রিকার একটি দেশে তথ্য পাঠানোর চেষ্টা হয়েছিল। আমরা এখন জানার চেষ্টা করছি, যে কম্পিউটারে তথ্য পাঠানোর চেষ্টা হয়েছিল, সেটার আইপি ঠিকানা কী ছিল। এটা আসলে কী ছিল তা বোঝার চেষ্টা করছি আমরা।’
বাংলাদেশ ব্যাংক ও পুলিশ সূত্র জানায়, গত ৪ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর মার্চ মাসের বিভিন্ন সময়ে কম্পিউটার জব্দ করে সিআইডি। কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ থেকে এসব কম্পিউটার জব্দ করা হয়। এসব কম্পিউটারের বিভিন্ন পরীক্ষা করছে সংস্থাটি। এতে বেরিয়ে এসেছে, বাংলাদেশ ব্যাংকের সুইফট সংযুক্ত কম্পিউটারে ম্যালওয়ার প্রবেশ করে পুরো নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। এসব কম্পিউটার থেকে পরিশোধ আদেশ দিয়ে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে অর্থ চুরি করা হয়। এর মধ্যে একটি কম্পিউটার থেকে ৪ ফেব্রুয়ারি রাতে ও পরবর্তী সময়ে উত্তর আফ্রিকার একটি দেশে তথ্য পাঠানোরও চেষ্টা করা হয়। দেশটি মিসর বলে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পেরেছে সিআইডি। সিআইডি চেষ্টা করছে সে দেশের সঙ্গে যোগাযোগ করে ওই দেশের কম্পিউটারের আইপি ঠিকানা ও প্রাপক খুঁজে বের করতে। এরপরই রিজার্ভ চুরির তদন্তে নতুন তথ্য বের হয়ে আসতে পারে বলে মনে করছে সিআইডি।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় আমাদের অ্যাকাউন্টস বিভাগের সঙ্গে সিআইডি তদন্ত দল কাজ করছে। এ বিষয়টি বাংলাদেশ ব্যাংককে জানানো হয়েছে কি না আমি জানি না। তবে আমি এ বিষয়ে কিছু জানি না।’