হ্যাকার সন্দেহে নওগাঁয় তিন তরুণ গ্রেপ্তার
নওগাঁয় হ্যাকার সন্দেহে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। গত সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন তরুণ হলেন নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার রফিকুল ইসলাম (২৫), হাট-নওগাঁ সাহেবপাড়া এলাকার সালেকুর রহমান (২৩) ও কালিতলা এলাকার আকতারুজ্জামান সবুজ (২২)।
গতকাল মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) রাশিদুল হক দাবি করেন, গ্রেপ্তার হওয়া তিনজন সংঘবদ্ধ হ্যাকার চক্রের সদস্য। তাঁদের বিরুদ্ধে অন্যের (বিশেষ করে মেয়েদের) ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত গোপন তথ্য চুরি, মানুষকে জিম্মি করে বিকাশের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে রাশিদুল হক জানান, সম্প্রতি ঢাকায় সংঘবদ্ধ হ্যাকার চক্রের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলার এজাহার অনুযায়ী একটি বিকাশ অ্যাকাউন্টের সূত্র ধরে নওগাঁ জেলা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। গত সোমবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। প্রথমে সালেকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরে রফিকুল ও আকতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত পাঁচটি মুঠোফোন, একটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও একটি মডেম জব্দ করা হয়।
রাশিদুল হক বলেন, হ্যাকার চক্রের মূল লক্ষ্য ছিল মেয়েদের ফেসবুক আইডি হ্যাক করে গোপন তথ্য চুরি করে তাদের জিম্মি করা। এরপর তাদের কাছ থেকে ৫০০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিকাশের মাধ্যমে আদায় করা হতো। এভাবে চক্রের সদস্যরা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার নারীদের জিম্মি করে হয়রানি করে আসছিল। সালেকুর রহমান তাঁর মা পারুল বেগমের জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করে বিকাশ অ্যাকাউন্ট খুলে এসব টাকা আদান-প্রদান করতেন। এ বিকাশ অ্যাকাউন্ট নম্বরের সূত্র ধরেই তাঁদের গ্রেপ্তার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ওই তিনজনের বিরুদ্ধে সাইবার অপরাধ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।