হ্যাপির অস্বাভাবিক মৃত্যুর কিনারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামে গৃহবধূ হ্যাপি আকতারের (২৬) অস্বাভাবিক মৃত্যুর ১৩ দিন পার হলেও পুলিশ এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। ১৫ ফেব্রুয়ারি স্বামীর বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইয়াকুব হোসেন বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় আছি। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
হ্যাপির বাবা মোস্তফা খান বলেন, তাঁর জামাতা মহসিন খান (৩২) পাঁচ বছর ধরে চট্টগ্রামে চাকরি করার সুবাদে সেখানে দ্বিতীয় বিয়ে করেন। ১ ফেব্রুয়ারি বিষয়টি হ্যাপি জানতে পারেন। এ নিয়ে হ্যাপির সঙ্গে মহসিনের কলহ শুরু হয়। একপর্যায়ে হ্যাপিকে মারধর করা হয়।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ১১ ফেব্রুয়ারি গ্রামের হারুন খান নামের এক ব্যক্তির বাড়িতে সালিস বৈঠকের আয়োজন করেন। সেখানে মহসিন দ্বিতীয় বিয়ের জন্য ক্ষমা চান এবং দ্বিতীয় স্ত্রীকে পরিত্যাগ করার অঙ্গীকার করে মুচলেকা দেন। হারুন খান ওই বৈঠকের কথা স্বীকার করেছেন।
মোস্তফা খান আরও বলেন, ‘সালিস বৈঠক করায় হ্যাপির ওপর স্বামী মহসিন, ভাশুর আলমগীর খান ও কবির খান, জা মুন্নী বেগম এবং ননদ তাসলিমা ক্ষিপ্ত হয়ে তাঁকে উচিত শিক্ষা দেওয়ার হুমকি দেন। ১৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে এ নিয়ে হ্যাপির সঙ্গে তাঁদের ঝগড়া হয়। তাঁরা হ্যাপিকে বেদম মারধর করেন। একপর্যায়ে তাঁরা হ্যাপিকে শ্বাসরোধে হত্যা করেন। পরে তাঁর গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে এলাকায় প্রচারণা চালান। খবর দেওয়া হলে আমি গিয়ে হ্যাপির লাশ উঠানে শোয়ানো অবস্থায় দেখতে পাই। ১৬ ফেব্রুয়ারি মহসিন খান, আলমগীর খান, কবির খান, মুন্নী বেগম ও তাসলিমা বেগমকে আসামি করে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করতে যাই। কিন্তু পুলিশ অপমৃত্যুর মামলা নেয়। হত্যাকাণ্ডের রহস্য বের করার চেষ্টা না করে পুলিশ তা ধামাচাপা দিতে তৎপরতা চালাচ্ছে।’