হ্যালোবাইক, অটোরিকশা থেকে চাঁদা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিশমাইল-জিরাব সড়কে হ্যালোবাইক (ব্যাটারিচালিত তিন চাকার যান) চালান মোবারক হোসেন। এ জন্য প্রতিদিন তাঁকে ১১০ টাকা চাঁদা দিতে হয়। এ ছাড়া শুরুতে এককালীন দিতে হয়েছিল চার হাজার টাকা।
এভাবে ঢাকা-আরিচা মহাসড়কসহ সাভার, আশুলিয়া, ধামরাইসহ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী হ্যালোবাইক, লেগুনা (হিউম্যান হলার), সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাস থেকে চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ, স্থানীয় প্রভাবশালী ও সরকারি দলের নেতাদের নামে চাঁদা আদায় করা হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল, নবীনগর, নয়ারহাট, কালামপুর, আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের বাইপাইল, ধামরাইয়ের কুশুরিয়া, চর কুশনাই, নান্দেশ্বরী ও সাটুরিয়ার সাটুরিয়া বাজার বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন টাকা আদায় করা হয়। এসব স্থান থেকে প্রতি মাসে অন্তত ৩০ লাখ টাকা আদায় করা হচ্ছে।
বিশমাইল-জিরাব সড়কে প্রতিদিন অন্তত ৫০০ হ্যালোবাইক চলাচল করে। প্রতিটি হ্যালোবাইক থেকে প্রতিদিন ১১০ টাকা নেওয়া হয়। প্রতি মাসে এসব যানবাহন থেকে ১৬ লাখ টাকার বেশি আদায় হয়। এই সড়কে চলাচলকারী হ্যালোবাইকের চালক মো. আকাশ ও সুরুজ মিয়া বলেন, আশুলিয়ার পান্ধুয়া গ্রামের মন্টু মিয়া নামের এক ব্যক্তি চাঁদা আদায় করেন। নতুন গাড়ির জন্য এককালীন দিতে হয় ৩-৪ হাজার টাকা। কেউ টাকা দিতে না চাইলে মারধর করা হয়।
মন্টু মিয়া গতকাল রোববার বলেন, স্বেচ্ছাসেবক লীগের এক নেতার পক্ষে তিনি টাকা আদায় করেন। এ জন্য তাঁকে পারিশ্রমিক দেওয়া হয়।
নবীনগর-আবদুল্লাহপুর সড়কে ২০০ বাস থেকে প্রতিদিন ১৩০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া মাসে নেওয়া হয় আরও এক হাজার টাকা করে। এভাবে এসব বাস থেকে প্রতি মাসে প্রায় ১০ লাখ টাকা আদায় হয়।
চালক পারভেজ হাসান, রুবেল হোসেনসহ আরও কয়েকজন বলেন, সুজন ও টিটু নামের দুই ব্যক্তি তাঁদের কাছ থেকে প্রতিদিন টাকা আদায় করেন। এ ছাড়া পুলিশের কথা বলে মেহেদী নামের এক ব্যক্তি প্রতি গাড়ি থেকে মাসে এক হাজার টাকা করে নেন।
যোগাযোগ করা হলে সুজন ও টিটু বলেন, মিন্টু নামের এক ব্যক্তির কথায় তাঁরা চাঁদা আদায় করেন। এ জন্য প্রতিদিন ৩০০ টাকা করে পারিশ্রমিক পান। তবে মিন্টুর পরিচয় জানাতে তাঁরা রাজি হননি।
ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে ধামরাইয়ের কালামপুর হয়ে চরকুশনাই পর্যন্ত ২৫টি লেগুনা (হিউম্যান হলার) চলাচল করে। এসব যানবাহন থেকে প্রতিদিন নবীনগরে ৩৫ টাকা, নয়ারহাটে ২০ টাকা, ইসলামপুরে ২০ টাকা, কালামপুরে ৭০ টাকা, কুশুরিয়া ২০ ও চর কুশনাইয়ে ৩০ টাকা আদায় করা হয়। এই হিসাব অনুযায়ী প্রতি মাসে অন্তত দেড় লাখ টাকা আদায় হয়।
বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে বাইপাইল থেকে নরসিংহপুরের মধ্যে নম্বরবিহীন প্রায় এক মাহেন্দ্র (ছোট গাড়ি) চলাচল করে। এসব গাড়ি থেকে মাসে দুই হাজার টাকা চাঁদা আদায় করা হয়। মাহেন্দ্রর চালক আজিজুল ইসলাম গতকাল বলেন, মাসের শেষে পুলিশের কথা বলে জাকির হোসেন নামের এক ব্যক্তি চাঁদা নিয়ে থাকেন। জাকিরের পরিচয় জানতে চাইলে তিনি দ্রুত গাড়ি নিয়ে চলে যান।
ধামরাইয়ের নান্দেশ্বরী ও মানিকগঞ্জের সাটুরিয়া বাসস্ট্যান্ড থেকে সাটুরিয়া-পাকুটিয়া, সাটুরিয়া-ধামরাই, সাটুরিয়া-দরগ্রাম ও সাটুরিয়া-মানিকগঞ্জ সড়কে অন্তত ৩০০ সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এসব অটোরিকশা থেকে প্রতিদিন ৩০-৩৫ টাকা করে চাঁদা আদায় করা হয়। এ ছাড়া প্রতি মাসে প্রতিটি গাড়ি থেকে আরও ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। এসব স্ট্যান্ড থেকে প্রতি মাসে অন্তত ২ লাখ টাকা আদায় করা হয়।
নান্দেশ্বরী স্ট্যান্ডে লাইনম্যান হিসেবে কর্মরত আরমান আলী বলেন, স্থানীয় সরকারি দলের এক নেতার কথায় তিনি চাঁদা আদায় করেন। তবে তিনি ওই নেতার নাম জানাতে চাননি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ‘নবীনগর ও বাইপাইলে যানবাহন থেকে পুলিশের নামে চাঁদা আদায় করার কোনো অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম বলেন, খোঁজখবর নিয়ে শিগগিরই এসব চাঁদাবাজকে ধরতে অভিযান চালানো হবে।