হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ এসআই প্রত্যাহার
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। জেলা পুলিশের পক্ষ থেকে শুক্রবার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের পর উপপরিদর্শক (এসআই) মো. রফিককে আলমডাঙ্গা থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্য পুলিশ কর্মকর্তা হলেন আলমডাঙ্গা উপজেলার খাসকররা ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজ। ভুক্তভোগী একাধিক ব্যবসায়ী অভিযোগ করেন, তোফায়েল আহমেদ নামে এক ভুয়া অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে যোগসাজশ করে ওই কর্মকর্তারা চাঁদা দাবিসহ তাঁদের হয়রানি করেন।
পুলিশ সুপার মো. রশীদুল হাসান গতকাল শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিনিয়র এএসপি) ছুফি উল্লাহকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ী সূত্র জানায়, আলমডাঙ্গা থানার এসআই মো. রফিক ও খাসকররা ক্যাম্পের এএসআই হাফিজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা শহরের চারতলা মোড় ও পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনের দুটি বিস্কুট কারখানায় যান। এরপর তাঁরা কারখানার মালিকদের ০১৭১৫৮০০৩৪৬ নম্বর মুঠোফোনে কথিত অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলতে বাধ্য করেন।
চারতলা মোড়ের মডার্ন বেকারির মালিক আনোয়ার অভিযোগ করেন, এসআই রফিক তাঁকে জানান, তিনি (আনোয়ার হোসেন) বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছেন। এরপর তাঁকে কথিত অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলিয়ে দেন। ভুয়া ওই অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে ওই বেকারির নাম তালিকাভুক্ত করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হবে। টাকা না দিলে তাঁকে দুটি হত্যা মামলায় জড়ানোসহ হয়রানি করা হবে বলেও হুমকি দেন। অন্য বেকারির মালিকের কাছেও একইভাবে একই নম্বর মুঠোফোন থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ব্যবসায়ী নেতারা বিষয়টি জেলার পুলিশ সুপারকে অবগত করেন।
সিনিয়র এএসপি ছুফি উল্লাহ বলেন, ‘যে মুঠোফোন নম্বর থেকে ফোন করা হয়েছে, সেটি টাঙ্গাইলের নাগরপুর থেকে করা হয়েছে। ঘটনার দিন ওই মুঠোফোন থেকে আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই কামরুল হাসান এবং তিয়রবিলা ক্যাম্পের এএসআই আবদুল হাকিমের কাছেও ফোন করা হয়েছে।’