নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিহত ব্যবসায়ী আবদুল মতিনের স্ত্রী নুরতাজ বেগম অভিযোগ করেছেন, গণপিটুনিতে পুলিশ সদস্য নিহত হওয়ার সময় ঘটনাস্থলে তাঁর পরিবারের সদস্যরা ছিলেন না। তবু হয়রানির জন্য তাঁদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় তদন্ত কমিটির সদস্যরা গতকাল শুক্রবার উপজেলার রাইজদিয়া গ্রামে যান।
নুরতাজ বেগম গতকাল প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে তিনি ও তাঁর স্বামী সড়কের পাশে খড়ের গাদা থেকে খড় নিচ্ছিলেন। সাদাপোশাকে মোটরসাইকেলে করে দুই পুলিশ সদস্য সড়ক দিয়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি হঠাৎ তাঁর স্বামীকে ধাক্কা দেয়। এ ঘটনার প্রতিবাদ করায় মোটরসাইকেলের আরোহী দুজন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মতিনকে কিলঘুষি মারতে থাকেন। এ সময় মতিন খড়ের গাদার সামনে নিচু জায়গায় জমে থাকা হাঁটুপানিতে পড়ে যান। পানির মধ্যেই তাঁরা মতিনকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে চুবিয়ে হত্যা করে লাশ পানিতে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। পরে স্থানীয় লোকজনের পিটুনিতে প্রাণ হারান পুলিশ সদস্য আরিফুর।
এ ঘটনায় নিহত কনস্টেবল আরিফুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন তালুকদার গত বৃহস্পতিবার মামলা করেন। এতে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি নিহত আবদুল মতিনের বড় ভাই আবদুল বাতেন। অন্য আসামিদের মধ্যে রয়েছেন মতিনের অপর তিন ভাই আবু দাইয়ান, দিলীপ মিয়া ও আদিল হোসেন, তাঁদের ভগ্নিপতি গোলাম রব্বানী ও মতিনের ছেলে সোনারগাঁ কলেজের ছাত্র জুবায়ের হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল ইসলাম ও কনস্টেবল আরিফুর রহমান অন্য একটি এলাকা থেকে মামলার তদন্ত করে রাইজদিয়া গ্রামের পাশের সড়ক দিয়ে আসার পথে জনৈক ব্যক্তি তাঁদের দেখে বিলের মধ্যে পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় কনস্টেবল আরিফুর রহমান ওই ব্যক্তিকে পানি থেকে তোলার চেষ্টা করেন। এরই মধ্যে ওই ব্যক্তির আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এসে তাঁকে হাসপাতালে নেন। অপর দিকে আসামিরা নৌকায় করে গিয়ে বিলের পানিতে অবস্থানরত কনস্টেবল আরিফুর রহমানকে চুবিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নুরতাজ বেগম বলেন, ‘ওই ঘটনার সময় আমার ছেলে প্রাইভেট পড়তে বাড়ির বাইরে গিয়েছিল। আমার দেবর, ভাশুর ও ননদের স্বামী ঘটনাস্থলে না থাকার পরও তাদের আসামি করা হয়েছে। স্বামী হত্যার বিচার যাতে চাইতে না পারি, সে জন্য পরিবারের পুরুষ সদস্য ও নিকটাত্মীয়দের সবাইকে আসামি করা হয়েছে।’
গতকাল দুপুরে রাইজদিয়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের বেশির ভাগ ঘরে ঝুলছে তালা। দুজন বৃদ্ধ লোক ছাড়া কোনো পুরুষের দেখা পাওয়া যায়নি।
এদিকে ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির প্রধান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানসহ অন্যরা দুপুরে ওই গ্রামে যান। কমিটির সদস্যরা নুরতাজ বেগমসহ অন্য নারীদের বক্তব্য শোনেন।
মতিয়ার রহমান বলেন, রোববার জেলা পুলিশ সুপার বরাবর প্রতিবেদন জমা দেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত নন এমন কোনো ব্যক্তি আসামি হয়ে থাকলে তাঁদের নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হবে।