হয়রানি করতেই তাঁর নামে ধর্মগুরুকে হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বি সিদ্দিক নামের এক ব্যক্তিকে হয়রানি করতেই তাঁর নাম উল্লেখ করে রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। আজ মঙ্গলবার এ কথা জানান পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম। 

দুপুরে রাজধানীর সায়েদাবাদে নিজ কার্যালয়ে সৈয়দ নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রামকৃষ্ণ মিশনের প্রধান ধর্মগুরুকে ১৫ জুন ইসলামিক স্টেটের (আইএস) নামে চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়। ওই ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে লিকলিকে গড়নের এক যুবক রামকৃষ্ণ মিশনের ফটকে এসে চিঠি দিয়ে গেছে। চিঠিতে এ বি সিদ্দিকের নাম, তাঁর বাবার নাম ও গ্রামের বাড়ি কিশোরগঞ্জ বৌলাই নয়াপাড়ার ঠিকানা উল্লেখ করা হয়। চিঠির ঠিকানা অনুযায়ী এ বি সিদ্দিককে সন্ধান করে আজ পুলিশি হেফাজতে আনা হয়। তবে ভিডিও ফুটেজের ওই যুবকের সঙ্গে এ বি সিদ্দিকের শারীরিক গড়নেও কোনো মিল নেই।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার সুযোগ একটি পক্ষ কাজে লাগাতে চাইছে উল্লেখ করে সৈয়দ নূরুল ইসলাম বলেন, চিঠির হাতের লেখার সঙ্গে এ বি সিদ্দিকের হাতের লেখার কোনো মিল নেই। সেনাবাহিনীর সাবেক এই সদস্য ১৮ বছর চাকরি শেষে অবসর নিয়ে ব্যবসা করছেন কিশোরগঞ্জে তাঁর গ্রামের বাড়িতে। সেখানে ব্যবসার করার পর স্থানীয় একটি পক্ষ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তাঁকে মাদক ব্যবসায়ী, জুয়া ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগ করে হয়রানি করেছে। এবারও এ বি সিদ্দিককে হয়রানির জন্য একটি পক্ষ রামকৃষ্ণ মিশনের হুমকির চিঠিতে তাঁর নাম ব্যবহার করেছে। যারা এর সঙ্গে জড়িত, তাদের দ্রুত খুঁজে বের করা হবে।
ওয়ারী ডিসি কার্যালয়ে এ বি সিদ্দিক সাংবাদিকদের বলেন, ১৮ বছর সেনাবাহিনীতে চাকরির পর অবসরে যান তিনি। এরপর খিলক্ষেতে তাঁর স্ত্রীর বাড়ি বিক্রি করে কিশোরগঞ্জে বৌলাই এলাকায় একটি পেট্রলপাম্প ও মাছের খামার নির্মাণকাজ শুরু করেন। তিন–চার মাস আগে পুলিশ-র‍্যাবের কাছে মাদক, জুয়া ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ করে একটি পক্ষ। তখন এসব বিষয় স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করেন তিনি। ওই পক্ষই এবারও রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে তাঁকে হয়রানি করছে।
এ বি সিদ্দিক বলেন, তিনি কখনো আইএসের নাম শোনেননি। ইদানীং গণমাধ্যমে আইএসের নাম জানতে পারেন। দুই সন্তানের জনক এ বি সিদ্দিক জানান, তাঁর বড় মেয়ে বেসরকারি মেডিকেলে পড়ছেন। আর ছেলে উচ্চমাধ্যমিক শ্রেণিতে পড়ছে।