নিহত কাউন্সিলরের স্ত্রীকে হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার বাদী ও নিহত কাউন্সিলরের স্ত্রী সেলিনা ইসলাম অভিযোগ করেছেন, অভিযোগপত্র থেকে অব্যাহতি পাওয়া কয়েকজন তাঁকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকিসহ নানাভাবে হয়রানি করছেন। এদিকে আজ বুধবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষে আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত।
নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে এই শুনানির সময় কারাগার থেকে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ আসামিকে হাজির করা হয়। পরবর্তী শুনানির দিন র‌্যাবের আট সদস্যসহ মামলার পলাতক ১৩ আসামির মালামাল জব্দের নির্দেশনার বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বাদী পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।
আজ আদালত প্রাঙ্গণে উপস্থিত মামলার বাদী সেলিনা ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি পাওয়া কয়েকজন তাঁকে নানাভাবে হয়রানি করার পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন।
গত বছরের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ঘটনার তিন দিন পর ছয়জনের এবং চার দিন পর একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী সেলিনা বাদী হয়ে একটি এবং আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লার মডেল থানায় একটি মামলা করেন।
প্রায় এক বছর পর চলতি বছরের ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে সাত খুনের ঘটনায় কাউন্সিলর (বর্তমানে বরখাস্ত) নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বর্তমানে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন কারাগারে আটক রয়েছেন। পলাতক রয়েছেন ১৩ জন।
নিহত নজরুলের স্ত্রীর করা মামলায় নূর হোসেনসহ ছয়জনকে আসামি করা হয়। কিন্তু আদালতে দেওয়া অভিযোগপত্রে নূর হোসেন ছাড়া বাকি পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়াও রয়েছেন। মামলার বাদী এ ব্যাপারে নারাজি আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে গত ৮ জুলাই তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করেন।