১ কেজি কোকেন উদ্ধারের দাবি পুলিশের
ঢাকার আশুলিয়ার গণকবাড়ী এলাকায় গত রোববার রাতে অভিযান চালিয়ে পুলিশ কোকেন সন্দেহে এক কেজি ওজনের বস্তুসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। দেশের দক্ষিণাঞ্চল থেকে কয়েক দিন আগে তা আশুলিয়ায় আনা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
সুতা দিয়ে সেলাই করা ওই থলের এক পাশে ইংরেজিতে লেখা রয়েছে ‘আফগানিস্তানে তৈরি’ এবং অপর পাশে দেশটির জাতীয় পতাকার ছবি রয়েছে।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুল হাসান বলেন, ‘আমাদের কাছে খবর ছিল, মাদকের একটি বড় চালান আশুলিয়া এলাকায় বেচাকেনা হবে। ওই খবরের সূত্র ধরেই চামড়ার থলের ভেতরে থাকা এক কেজি ওজনের বস্তু উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই থলের মধ্যে থাকা বস্তু কোকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরাও কোকেনের কথাই বলেছে।’
গ্রেপ্তার হওয়া সিরাজুল ও শফিকুলের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। তাদের বিরুদ্ধে গতকাল আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। মামলায় উদ্ধার হওয়া বস্তুকে কোকেন হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আনুমানিক মূল্য উল্লেখ করা হয়েছে ৭০ লাখ টাকা।
মামলার পর গতকাল সিরাজুল ও শফিকুলকে পাঁচ দিনের পুলিশি রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আশুলিয়া থানা হেফাজতে থাকা সিরাজুল জানায়, মাস দেড়েক আগে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে এক কেজি কোকেনের প্যাকেট সংগ্রহ করে। এরপর থেকে সে বিক্রির চেষ্টা করে যাচ্ছিল। ভালো দাম না পাওয়ার কারণে তা ঢাকায় নিয়ে আসে। তবে কার কাছ থেকে সে ওই কোকেন সংগ্রহ করেছে, তা নিশ্চিত করে কিছু বলেনি।
শফিকুল বলে, ‘থলের ভেতরে থাকা বস্তু যে কোকেন, এতে কোনো সন্দেহ নেই। রাজধানীর এক মাদক ব্যবসায়ী ওই থলে থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে তা নিশ্চিত হয়েছে।’
আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বলেন, থলের ভেতরে থাকা বস্তু কোকেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আদালতের অনুমতি নিয়ে পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে।