১ কোটি ৮২ লাখ টাকা নিয়ে এজেন্সি উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি ট্রাভেল এজেন্সি ৭০ জনকে হজে পাঠানোর নাম করে ১ কোটি ৮২ লাখ টাকা নেয়। এরপর কার্যালয়ে তালা মেরে এজেন্সির মালিক উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তিরা গত মঙ্গলবার ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরে মানববন্ধন করেন। পরে প্রতিকার চেয়ে ধর্মমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
একাধিক ভুক্তভোগী প্রথম আলোকে বলেন, ৭০ জনের এ দলে ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। হজে যাওয়ার জন্য তাঁরা প্রত্যেকেই গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারে ‘মাওনা ট্রাভেল অ্যান্ড ট্যুর’ নামের একটি এজেন্সির কার্যালয়ে ২ লাখ ৬০ হাজার টাকা করে জমা দেন। কিন্তু সময় ঘনিয়ে এলেও এজেন্সি তাঁদের হজে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এতে তাঁরা হজে যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় পড়েন।
এ অবস্থার পরিপ্রেক্ষিতে ত্রিশাল পৌর শহরের দরিরামপুর এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা তাঁরা মানববন্ধন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ধর্মমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ ঘটনায় তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। হজে যেতে ইচ্ছুক ৭০ জনের দলটির প্রধান সমন্বয়কারী মমতাজ উদ্দিন। তাঁর বাড়ি ত্রিশাল পৌর এলাকায়।
গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার মানববন্ধন করার পর তিনি এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন বন্ধ পান। পরে ওই দিন বিকেলে তিনি মাওনা বাজারে গিয়ে দেখেন, এজেন্সির কার্যালয়ে তালা ঝোলানো। তিনি আরও বলেন, সোমবার এজেন্সির মালিক আলী আশরাফের সঙ্গে তাঁর মুঠোফোনে কথা হয়। তখনো দলটিকে হজে পাঠানোর আশ্বাস দেন আলী আশরাফ।
ইউএনও আবু জাফর রিপন বলেন, অভিযোগটি ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মাওনা বাজারে গিয়ে ‘মাওনা ট্রাভেল অ্যান্ড ট্যুর’-এর কার্যালয় তালাবদ্ধ পাওয়া গেছে। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এ এজেন্সির মালিক আলী আশরাফ। তাঁর বাড়ি শ্রীপুর উপজেলার কাউরাইত গ্রামে। তবে কার্যালয়টি প্রায় আড়াই থেকে তিন মাস ধরে বন্ধ। লোকজন আরও বলেন, পাশের বিপণিবিতানে আলী আশরাফের একটি কাপড়ের দোকান ছিল। কয়েক মাস আগে দোকানটি তিনি বিক্রি করে দেন।