১ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের ৩০ শতাংশ কাজ না করেই ১ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ২০০ টাকা আত্মসাতের পাঁয়তারা চলছে। উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা প্রকল্পের টাকা ছাড় করার জন্য পিআইওকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম জানান, প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়ন দেখিয়ে পুরো টাকা ছাড় করার জন্য বিভিন্নভাবে তাঁকে চাপ সৃষ্টি করছেন উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা।
পিআইও কার্যালয় সূত্র আরও জানায়, ২০১৪-১৫ অর্থবছরে কর্মসংস্থান কর্মসূচির অধীন উপজেলার ১২টি ইউনিয়নের ৫০টি প্রকল্প বাস্তবায়ন করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২ কোটি ৫৭ লাখ ৭৬ হাজার টাকা বরাদ্দ দেয়। গত ১২ মে থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে ২৪ জুন শেষ করার কথা ছিল। এসব প্রকল্পে ৩ হাজার ২২২ জন হতদরিদ্র মানুষের কর্মসংস্থান হওয়ার কথা। কিন্তু অধিকাংশ প্রকল্পে নামমাত্র কয়েকজন শ্রমিক ছিলেন। এ ছাড়া সময়সীমা শেষ হলেও বেশির ভাগ প্রকল্পের কোনো কাজ হয়নি। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা এসব প্রকল্প কাগজে-কলমে বাস্তবায়ন দেখিয়ে প্রকল্পের সব টাকা আত্মসাতের চেষ্টা করছেন। ইতিমধ্যে ১২ লাখ টাকা তুলে নিয়েছেন।
স্থানীয় লোকজন ও পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের তারতাপাড়ায় লুৎফরের বাড়ি থেকে হারগিলা পুরাতন ভূমি অফিস পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ১১৮ জন শ্রমিক দেখানো হলেও কাজ করেছেন মাত্র ১২ জন। কুলকান্দি ইউনিয়নের ধনতলা মসজিদ থেকে দেলোয়ার হোসেন মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পে ৩৮ জন শ্রমিক থাকার কথা থাকলেও সেখানে কোনো শ্রমিকই কাজ করেননি।
একই অবস্থা মুন্নিয়া আজিজের বাড়ি থেকে আছম উদ্দিনের বাড়ি পর্যন্ত রাস্তা, আটিয়ামারী কুলকান্দি সীমানা থেকে মজিদ মাস্টারের বাড়ি পর্যন্ত, চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ গ্রামের গোলাপ উদ্দিনের বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত, কুলকান্দি ইউনিয়নের বেড়কুশা গ্রামের লিয়াকতের বাড়ি থেকে বাজার পর্যন্ত এবং পলবান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তারা মিয়ার বাড়ি থেকে মজিবরের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত প্রকল্পের।
ধনতলা গ্রামের রাস্তা মেরামতকাজের সভাপতি হোসাইন মোল্লার কাছে কাজ না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘৪০ দিনের কাজ তো এক-আধটু করলেই হয়। সভাপতি হয়েও ভাগ-বাঁটোয়ারা করে বেশি টাকা পাওয়া যায় না।’ তিনি জানান, বরাদ্দের টাকা এখনো পাননি। তাঁর পকেট থেকেই শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করেছেন। নোয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর তাঁর ইউনিয়নে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন।
নাম গোপন রাখার শর্তে প্রকল্প এলাকার কয়েকজন জানান, প্রকল্প বাস্তবায়ন না করেই পুরো টাকা আত্মসাৎ করার পাঁয়তারা চলছে। দুর্নীতির কারণে গত বছরও কোনো প্রকল্পের কাজ হয়নি। এবারও চলতি ৫০টি প্রকল্পের ৩০ শতাংশ কাজও বাস্তবায়ন হয়নি।
পিআইও রকিবুল বলেন, ‘৩০ শতাংশ কাজও বাস্তবায়ন না হলে টাকা ছাড় না দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু রাজনৈতিক নেতা ও স্থানীয় চেয়ারম্যানদের চাপে টাকা ছাড় দিতে হতে পারে। অবস্থা এমন হয়েছে যে এই উপজেলা ছাড়তে পারলেই বাঁচি।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খানকে প্রকল্প থেকে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এ ছাড়া তাঁর মদদে পিআইওকে চেয়ারম্যানরা হুমকি দিয়েছিলেন কি না, জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
ইজিপিপি দ্বিতীয় পর্যায়ের উপজেলা প্রকল্প কমিটির সভাপতি ও ইউএনও মাসুমুর রহমান বলেন, ‘বাস্তবায়নাধীন প্রকল্পের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। প্রতিটি প্রকল্পের শ্রমিক উপস্থিতি দেখতে সরকারি কর্মকর্তা রয়েছেন। তাঁরা যেভাবে প্রতিবেদন দেবেন, সেভাবেই টাকা ছাড় দেওয়া হবে। যেসব প্রকল্পে কাজ হয়নি, সেই টাকা ফেরত পাঠানো হবে।’