কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডের পৃথক অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। গত বুধবার গভীর রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এসব অভিযান চালানো হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গতকাল বৃহস্পতিবার ভোরে কোস্টগার্ডের অভিযানে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার থেকে ৭৫ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। দুপুরে কক্সবাজারের টেকনাফের হ্নীলার লেদা এলাকায় একটি চাঁদের গাড়ি (জিপ) থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে বিজিবি।
কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার আলী আক্তার জানান, টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে ইয়াবার একটি বড় চালান কক্সবাজার আনা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল গত বুধবার রাতে সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে অবস্থান নেয়। দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টেকনাফের দিক থেকে একটি ট্রলার আসতে থাকে এবং ট্রলারটিকে থামার সংকেত দিলে লোকজন সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৭৫ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এদিকে বুধবার রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করেন। কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার ইয়াবা বড়ি আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
২ বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে চাঁদের গাড়িতে করে ইয়াবার একটি বড় চালান টেকনাফ থেকে হ্নীলা যাচ্ছিল। গোপন সূত্রে এ তথ্য জানতে পেরে লেদা সীমান্তচৌকির জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালান। এ সময় মালিকবিহীন একটি পলিথিন ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ব্যাগটির কোনো মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবা বড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে, যা পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।