আবাসিক ভবনে অবৈধভাবে গড়ে ওঠা বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় এ অভিযান চলে। এই সময়ের মধ্যে পাঁচটি ভবনের মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ২২টি ভবন থেকে বাণিজ্যিক স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সর্বোচ্চ তিন মাস সময় দিয়েছেন সিডিএর ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন সিডিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট খিন ওয়ান নু।
সিডিএর ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আবাসিক ভবনের নকশা অনুমোদন নিয়ে নির্মিত বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলায় নাসিরাবাদ হাউজিং সোসাইটির ১ নম্বর সড়কের ভবন মালিক মো. আখতারুজ্জামান ও গোলাম মোস্তফাকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা এবং ৫ নম্বর সড়কের মাহবুব আলম, ১ নম্বর সড়কের লিয়াকত চৌধুরী ও ৩ নম্বর সড়কের তাহেরা হাসানকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিডিএর অথরাইজড কর্মকর্তা মো. মনজুর হাসান, সহকারী অথরাইজড কর্মকর্তা আনোয়ার হোসাইন ও তানজীব হোসেন। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম নগর পুলিশ।