১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ১ লাখ ৬০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় টেকনাফ পৌরসভার পল্লানপাড়া এলাকা থেকে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক করা হয় একজনকে। এর দেড় ঘণ্টা পর নাফ নদীতে বাংলাদেশ জলসীমায় একটি নৌকা থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, বুধবার দিবাগত রাতে পলাতক আসামি ধরার জন্য তাঁর নেতৃত্বে পুলিশের কয়েকজন সদস্য গাড়িতে করে অভিযানে বের হন। উপজেলার একটি গ্রাম থেকে দুজন পলাতক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফিরছিলেন তাঁরা। ভোর সাড়ে চারটার দিকে টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ার তিন রাস্তার মাথায় আসার পর একটি অটোরিকশা দেখে তাঁদের সন্দেহ হয়। থামার সংকেত দিলে অটোরিকশাটি তা অমান্য করে। এ সময় ধাওয়া দিয়ে অটোরিকশার চালককে আটক করা গেলেও চার আরোহী দৌড়ে পালিয়ে যান। পরে অটোরিকশায় তল্লাশি চালালে একটি বস্তার ভেতরে ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
আটক মাহবুব উল্লাহর (৩৭) বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া গ্রামে।
ওসি তদন্ত মো. কবির হোসেন বলেন, থানা-পুলিশ এ পর্যন্ত যত ইয়াবা আটক করেছে, এর মধ্যে এটি সবচেয়ে বড় চালান।
এদিকে মিয়ানমার থেকে নৌকায় করে বাংলাদেশে পাচারকালে গতকাল সকাল ছয়টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি সূত্র জানায়, একটি স্পিডবোটে করে ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে নাফ নদীতে বাংলাদেশ জলসীমানায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় একটি নৌকা বাংলাদেশ-মিয়ানমারের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া-সংলগ্ন ২ নম্বর গেট এলাকায় ঢোকার চেষ্টা করে। বিজিবি নৌকাটিকে থামার সংকেত দিলে দুজন সন্দেহভাজন পাচারকারী নদীতে ঝাঁপ দিয়ে পাশের প্যারাবনে ঢুকে পালিয়ে যান। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী প্রথম আলোকে বলেন, পাচারকারীরা নদীতে ঝাঁপ দেওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলো ধ্বংস করা হবে।