১ লাখ ৬১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার, আটক ১২
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বৃহস্পতিবার পৃথক অভিযানে ১ লাখ ৬১ হাজার ইয়াবা বড়ি, পিস্তল, গুলি, মরফিন (ইনজেকশন), মোটরসাইকেলসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের তিন নাগরিক রয়েছেন। তাঁরা হলেন মো. জমির, মো. ওমর ফারুক ও মো. রফিক।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল গতকাল ভোররাত তিনটায় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১ নম্বর স্লুইসগেটে অবস্থান নেয়। চারটার দিকে মিয়ানমার থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা বাংলাদেশের জালিয়াপাড়ায় কেওড়া বনের কাছাকাছি এলে থামানোর সংকেত দেয় বিজিবি। কিন্তু সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করেন তাঁরা। বিজিবির সদস্যরা ধাওয়া করলে তিনজন নদীতে ঝাঁপ দেন। পরে মিয়ানমারের তিন নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাভর্তি ব্যাগটি নাফ নদীতে ফেলে দেওয়ার কথা জানান তাঁরা। সকাল সাড়ে ছয়টার দিকে কেওড়া বনের চর থেকে নোঙরের সঙ্গে বাঁধা ব্যাগটি উদ্ধার করে ১ লাখ ২৫ হাজার ২০০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
একই দিনে উপজেলা সদরের নাজিরপাড়া গ্রামের মৃত মোজাহার মিয়ার বাড়িতে ইয়াবার একটি বড় চালান মজুত আছে, এমন তথ্যের ভিত্তিতে গতকাল ভোরে মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে বিজিবির আরেকটি দল অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। তাঁরা হলেন টেকনাফের নাজিরপাড়ার মো. এনামুল হক, মো. ইলিয়াস, মো. রেজাউল করিম, মো. নূরু আলম, মো. ফরিদুল আলম ও চট্টগ্রামের আনোয়ারার মো. ইমরান। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ৭৯৮টি ইয়াবা বড়ি, একটি পিস্তল, একটি গুলি, দুটি কিরিচ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে বিজিবির সদস্যরা টেকনাফ পৌরসভার শীলবনিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭৭টি ইয়াবা বড়িসহ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মো. হোসেন (৩২) ও টেকনাফের শীলবনিয়াপাড়ার নুরুল আমিনকে আটক করেন।
এ ছাড়া টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল গতকাল ভোর চারটার দিকে সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ৮৭ হাজার মরফিন (ইনজেকশন) জব্দ করে। এ ঘটনায় হোসেন আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ প্রথম আলোকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে মো. এনামুল হক চিহ্নিত ডাকাত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য অধিদপ্তরে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী হিসেবেও তাঁর নাম রয়েছে।