১ লাখ ৮৬ হাজার ইয়াবা বড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক অভিযানে ১ লাখ ৮৬ হাজার ইয়াবা বড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। গতকাল শনিবার ভোরে ও রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া-সংলগ্ন নাফ নদী এবং সাবরাং ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা বড়ি জব্দ করে বিজিবি। তবে দুটি ঘটনাতেই কাউকে আটক করা যায়নি।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ রাতে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান টেকনাফে আনা হচ্ছে—এমন তথ্য ছিল বিজিবির কাছে। এরপর তাঁর নেতৃত্বে দুটি স্পিডবোটে নাফ নদীর নাইট্যংপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি দল। রাত সাড়ে আটটার দিকে একটি নৌকাকে থামার সংকেত দেন তাঁরা। তখন নৌকায় থাকা লোকজন পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতরে ১ লাখ ৩৬ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
এর আগে গতকাল ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কোয়াইনছড়িপাড়া গ্রামের একটি সুপারিবাগান থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি জব্দ করে বিজিবি।
লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, জব্দ করা ইয়াবা বড়ি ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।