হাওর এলাকায় বাঁধ নির্মাণ প্রকল্পে সময়মতো কার্যাদেশ না দেওয়া এবং ঘুষ গ্রহণসহ ১০টি অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য তিন মাসের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদকের কমিশনার নাসিরউদ্দীন আহমেদ।
আজ রোববার পাউবোর কার্যালয়ে দুদকের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে পাউবোর কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এ কথা বলেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ। বেলা ১১টা থেকে শুরু হওয়া দুই ঘণ্টার ওই বৈঠকে পাউবো ও হাওর উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পাউবোর বিরুদ্ধে আনা দুদকের অন্য অভিযোগগুলো হলো ঠিকাদারদের ‘সিন্ডিকেট ফ্যাসিলিটেট করা’, দরপত্রের শর্তাবলি না মানা, সময়মতো প্রকল্পের কাজ শেষ না করা, নিম্নমানের কাজ, পর্যবেক্ষণের অভাব, অধীনস্থদের কাজে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পর্যবেক্ষণ না করা, নির্দিষ্ট সময় পরপর প্রকল্পের কাজ পরিমাপ না করা এবং পাউবো ও বাঁধ নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন।
বৈঠক শেষে দুদকের কমিশনার সাংবাদিকদের বলেন, পাউবোর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে মাঠে নেমেছেন দুদকের কর্মকর্তারা। তাঁরা পাউবোর কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম ও অস্বচ্ছতার প্রমাণ পেয়েছেন। তিন মাসের মধ্যে জবাবদিহি না করলে পাউবোর প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ তদন্ত করবে দুদক।
বৈঠক শেষে পাউবোর মহাপরিচালক জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, অনুসন্ধান চলছে। এর আগে মন্তব্য করা যাবে না। কত ভাগ কাজ শেষ হয়েছে—তা শুষ্ক মৌসুমের আগে বলা সম্ভব নয়।