১০ আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর গাবতলী থেকে গতকাল বৃহস্পতিবার ভোররাতে পুলিশ ১০টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁকে পরে আদালতে পাঠিয়ে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ বলেছে, আলাউদ্দিন অস্ত্র ব্যবসায়ী। একটি ব্যাগে করে অস্ত্রের চালান নিয়ে তিনি ঢাকায় এসেছিলেন।
পুলিশের সূত্র বলেছে, গোপন খবরের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি দল গাবতলীর খালেক মার্কেটের সামনে থেকে অস্ত্র ব্যবসায়ী আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় সিটিটিসির সদস্যরা তাঁর কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে থাকা কার্টনের ভেতর থেকে ৯টি পিস্তল, ১টি একনলা বন্দুক, ৯টি ম্যাগাজিন ও ১০টি গুলি উদ্ধার করে। তাঁর বিরুদ্ধে দারুস সালাম থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
আলাউদ্দিনকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁর বাড়ি যশোরের বেনাপোল পোর্ট থানার উত্তর বারোপোতা গ্রামে। যশোরের শার্শা থানা এলাকায় তিনি বাসা ভাড়া নিয়ে থাকেন।
ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিশনার এ এইচ এম আবদুর রাকিব প্রথম আলোকে বলেন, আলাউদ্দিন অস্ত্র ব্যবসায়ী। তিনি বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে রাজধানীতে এনে সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেন। যশোর থেকে বাসে করে আলাউদ্দিন গতকাল ভোররাতে গাবতলী পৌঁছান। বাস থেকে নেমে তিনি আগ্নেয়াস্ত্র ভর্তি প্লাস্টিকের ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে সিটিটিসি দলের সদস্যরা আগে থেকে সেখানে অবস্থান করছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক বিপ্লব কুমার শীল বলেন, অস্ত্র ব্যবসায় আলাউদ্দিনের সঙ্গে কারা জড়িত এবং আলাউদ্দিন অস্ত্র ও গুলি কার কাছ থেকে কিনতেন এবং কাদের কাছে বিক্রি করতেন, সে বিষয়ে আলাউদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে।