১০ কোটি টাকার চাল বাকিতে নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি
  • গুরুদাসপুরের চাঁচকৈড় মোকাম।
  • উধাও হওয়া ব্যবসায়ীর নাম মো. ছাবেন শাহ।
  • থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পাওনাদারেরা।

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় মোকামের ২২ জন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১০ কোটি টাকার চাল বাকিতে নিয়ে উধাও হয়েছেন আরেক ব্যবসায়ী। গত ২৭ জানুয়ারি থেকে পাওনাদারেরা মো. ছাবেন শাহ (৪৫) নামের ওই ব্যবসায়ীর হদিস না পাওয়ায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস ব্যবসায়ীদের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রোববার পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

চাঁচকৈড় মোকামের গোলাপ তালুকদার, ইমরুল শাহ, দিলীপ কুমার ঘোষসহ কমপক্ষে ১০ জন ব্যবসায়ী বলেন, ছাবেন শাহের ‘মেসার্স শাহ অ্যাগ্রো ফুড’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান আছে। তিনি মোকামের ব্যবসায়ীদের কাছ থেকে নগদ ও বাকিতে চাল কিনে ব্যবসা করতেন। ব্যবসায়ীরা তাঁর সঙ্গে লেনদেন করে আসছিলেন। কিন্তু পাওনার টাকা ক্রমেই বাড়ছিল। গত জানুয়ারিতেও তিনি প্রায় ৩০-৪০ ট্রাক চাল বাকিতে কেনেন। ২৭ জানুয়ারি ব্যবসায়ীরা ছাবেনকে পাওনা টাকার জন্য তাগাদা দেন। এ সময় তিনি পাওনাদারের সঙ্গে খারাপ ব্যবহার করেন। বিষয়টি নিয়ে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের কাছে অভিযোগ দেন তাঁরা। কিন্তু টাকা পরিশোধ না করে উধাও হন ছাবেন। তাঁর কাছে ২২ ব্যবসায়ীর সর্বনিম্ন পাঁচ লাখ থেকে শুরু করে দেড় কোটি টাকা পর্যন্ত পাওনা আছে।

ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ীরা বলেন, তাঁরা কেউ চাতাল, কেউ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধক রেখে ব্যাংকঋণ নিয়ে ব্যবসা করছেন। অনেক ব্যবসায়ী মোকাম থেকে ধান-চাল বাকিতে কিনে এনে ছাবেনের কাছে বাকিতে দিতেন। ছাবেন শাহ উধাও হয়ে যাওয়ায় এখন তাঁরা উদ্বিগ্ন। তাঁদের অভিযোগ, টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার পেছনে ছাবেন শাহর ভাই সেলিম শাহ, মালু শাহ ও চাচাতো ভাই মশিউর রহমানের যোগসাজশ আছে। পরিকল্পিতভাবে এসব ব্যবসায়ীর চাল বাকিতে নিয়ে ছাবেন উধাও হয়েছেন।

উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার বলেন, পাওনাদারের তালিকায় তিনিও আছেন। নানা অজুহাতে সময়ক্ষেপণ করে ছাবেন এখন নিরুদ্দেশ। তাঁর স্বজনদের বলেও সমস্যার সমাধান হচ্ছে না। সমিতির সাধারণ সম্পাদক ছামসুল হক শেখ বলেন, স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে তাঁরা ব্যর্থ হয়েছেন। বকেয়া টাকা আদায় না হলে ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে ব্যবসায়ীদের পথে বসতে হবে।
ছাবেন শাহর মুঠোফোন নম্বরে ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তাঁর চাচাতো ভাই সাবেক পৌর মেয়র মশিউর রহমান মুঠোফোনে বলেন, ছয়-সাত বছর ধরে তিনি ঢাকায় থাকেন। ছাবেনের সঙ্গে তাঁর কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হেয় করতেই তাঁকে জড়ানো হচ্ছে।

ছাবেনের ছোট ভাই সেলিম শাহ দাবি করেন, তিনি পৃথকভাবে বসবাস করেন। তারপরও কিছু ব্যবসায়ী ভাইয়ের জন্য তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছেন। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে ছাবেন শাহ এলাকা ছেড়েছেন।

ছাবেন শাহের স্ত্রী মিলি বলেন, ব্যবসার ক্ষতি হওয়ায় তাঁর স্বামী উধাও হয়েছেন। কোথায় আছেন তা পরিবারকে জানাননি।