১০ কোটি টাকার মানহানির মামলা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের নামে অভিযোগ করায় গতকাল রোববার নালিতাবাড়ীর আমলি আদালতে এই মামলা করা হয়।
উপজেলার মোস্তাফিজুর রহমানসহ ১৪ জন মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. সাহাব উদ্দিনকে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানান। মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, সাহাব উদ্দিন আত্মসমর্পণ করা মুক্তিযোদ্ধা।
গত ২৭ জানুয়ারি প্রথম আলোয় ‘মুক্তিযোদ্ধা কমান্ডারকে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি’ শিরোনামে খবর প্রকাশিত হয়।
এ ঘটনায় উপজেলার আরেক মুক্তিযোদ্ধা আবদুল বারী বাদী হয়ে গতকাল দুপুরে আমলি আদালতে সম্মানহানির অভিযোগ এনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোমিনুন্নেসা খানম বাদীর জবানবন্দি গ্রহণ করে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন।
আইনজীবী মো. আসাদুজ্জামান বলেন, মোস্তাফিজুর রহমানকে ৭ মার্চ আদালতে আসতে সমন জারি করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর সাহাব উদ্দিনকে আত্মসমর্পণকারী মুক্তিযোদ্ধা উল্লেখ করে যাচাই-বাছাই কমিটি থেকে তাঁর নাম বাদ দিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দেন ১৪ জন মুক্তিযোদ্ধা। ২৬ জানুয়ারি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি হিসেবে সাহাব উদ্দিনের জায়গায় ডেপুটি কমান্ডার আবদুস সালামের নাম যুক্ত করা হয়। সালাম সেই পদ নিতে অস্বীকৃতি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত দেন।
আবদুল বারী বলেন, ‘আমি মনে করি কমান্ডারের বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। বিষয়টি পত্রিকায় প্রকাশিত হওয়ায় সম্মানহানি হয়েছে। তাই মোস্তাফিজুরের বিরুদ্ধে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছি।’
মোস্তাফিজুর রহমান বলেন, সাহাব উদ্দিন নিজের দোষ আড়াল করতে তাঁর বিরুদ্ধে বানোয়াট অভিযোগে মামলা দায়ের করিয়েছেন। তাঁরা সাহাব উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে কমিটির সব সদস্য সে ব্যাপারে একমত হয়েছেন।