ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্যগুদামে খাদ্য বিভাগের তিন কর্মকর্তাকে মারধর করার অভিযোগে হওয়া মামলায় ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগপত্রটি দাখিল করে পুলিশ।
ওই মামলা যে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে তাঁরা হলেন ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্যগুদামের শ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেন ওরফে আনু দারোগা, নজরুল, লিটন, গোলাম রসুল, বাবুল, সুলতান মিয়া, হাবিবুর রহমান ওরফে হাতু, জাহিদুল ইসলাম, মোজাম্মেল হক ও রুহুল মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ময়মনসিংহ কেন্দ্রীয় খাদ্যগুদামের শ্রমিক লীগ সভাপতি আনোয়ার হোসেন ওরফে আনু দারোগাসহ ১০ থেকে ১৫ জন গত ২৮ জুলাই ময়মনসিংহ সদর উপজেলার খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের খাদ্য পরিদর্শক (কারিগরি) আলাউদ্দিনসহ তিন কর্মকর্তাকে মারধর করেন। গুদামে নিম্নমানের চাল না নেওয়ায় তাঁদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় গত ২৯ জুলাই মো. আলাউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার সকালে উল্লিখিত ১০ জনের নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেন।