১০ জেলায় আটক ৯১
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরপাকড় অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল শুক্রবার রাত পর্যন্ত ১০ জেলায় ৯১ জনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক ব্যক্তিদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের ৬৭ জন নেতা-কর্মী আছেন। নাশকতা ও নাশকতার ষড়যন্ত্রসহ নানা অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানাচ্ছেন:
সাতক্ষীরায় বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার আশঙ্কায় জামায়াত-বিএনপির ১৫ জন কর্মীসহ বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানার পুলিশ। সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শামীম রেজাকে (২৮) গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সলঙ্গা থানার রানীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মানিকগঞ্জে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার রাতে বিএনপি-জামায়াতের নয়জন কর্মীকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ৫ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি-জামায়াতের ২০১ নেতা-কর্মীকে আটক করা হলো।
বগুড়ার শেরপুরে উপজেলায় নাশকতার মামলায় সীমাবাড়ী ইউনিয়ন জামায়াতের আমির ইমাম হোসেন ও উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাককে গতকাল ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার বিএনপির ১২, জামায়াতের ৪ ও শিবিরের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সীতাকুণ্ড থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী শহরের মধুপুর এলাকা থেকে গতকাল শুক্রবার জামায়াতের কর্মী মো. ফারুককে (৪২) আটক করেছে সুধারাম থানার পুলিশ। এ ছাড়া বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির চারজন এবং ছাত্রশিবিরের তিনজন কর্মীকে আটক করা হয়। গতকাল দুপুরে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে পাঠানো হয়।
গাইবান্ধার জেলার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার দিবাগত রাত নয়টা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিএনপি ও জামায়াত-শিবিরের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ফেনী শহরের রামপুর থেকে আবদুল্লা আল মিয়াজি (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। সে শহরের একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র বলে পুলিশকে জানিয়েছে। পুলিশের অভিযোগ, বোমা তৈরির সরঞ্জাম ও বেশ কিছু পটকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে গতকাল শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এলাকা থেকে দাগনভূঞা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জমান শাহাদাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাশকতার অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কিবরিয়া তালুকদারকে গত বৃহস্পতিবার রাতে ভূরঘাটা বাসস্ট্যান্ড থেকে আটক করেছে পুলিশ।