১০ জেলায় হামলা, সংঘর্ষে আহত ৯৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ও গত বুধবার রাতে ১০ জেলার ১৪টি ইউনিয়নে সংঘর্ষে কমপক্ষে ৯৫ জন আহত হয়েছেন। বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ঢাকা: কেরানীগঞ্জে দুটি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। এ সময় গুলি ও বোমা নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের কানারচর এলাকায় আওয়ামী লীগের প্রার্থী আয়নাল হোসেনের সমর্থকেরা বিএনপির প্রার্থী নুরুল হক রিপন ও তাঁর কর্মীদের ওপর হামলা চালান। এতে আহত হন পাঁচজন। এর আগে গত বুধবার দক্ষিণ কেরানীগঞ্জের পারগেন্ডারিয়া এলাকায় শুভাঢ্যা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হায়াত আলী ভান্ডারী ও তাঁর কর্মীদের ওপর আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেনের সমর্থকদের হামলায় আহত হয়েছিলেন সাতজন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষে সময় গোলাগুলি হয়েছিল। কোন পক্ষ থেকে গুলি ছোড়া হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

বাগেরহাট: শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নে গতকাল বিএনপির প্রার্থী মতিয়ার রহমান খান ও মোরেলগঞ্জের রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী খুরশিদ আলমের বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় বিএনপির এই দুই প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন।

এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় রামপাল থানার ওসি মো. রফিকুল ইসলাম ও মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলমকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। রুহুল আমিন মল্লিক বলেন, ইউপি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দুই ওসিকে প্রত্যাহার করতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ ছাড়া মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক মাহাবুব আলমকে প্রত্যাহার করা হয়েছে।

কুমিল্লা: দেবীদ্বার উপজেলার ১ নম্বর বড়শালঘর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের প্রার্থী জহিরুল ইসলাম ভূঞার সমর্থকদের সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী মো. ইউনুসের সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে দফায় দফায় ওই সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি এলাকার বাড়িঘর ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর, লুটপাট, ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর ছয় সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেবীদ্বার থানার ওসি মিজানুর রহমান বলেন, দুই পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। এ ঘটনায় চারটি মামলা হয়েছে।

সিরাজগঞ্জ: সদর উপজেলার সয়দাবাদ ইউপি নির্বাচন স্থগিত হওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয়।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, সয়দাবাদ ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে বর্তমান চেয়ারম্যান সৌপ্তিক আহমেদ হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন। হাইকোর্ট তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন। বিষয়টি জানাজানি হওয়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নবিদুল ইসলামের সমর্থকেরা কড্ডার মোড় এলাকায় সৌপ্তিক আহমেদের বাসায় হামলা চালান। এ সময় উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

ঝালকাঠি: রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল সিকদারের সমর্থকদের ওপর হামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ ১৫ জন আহত হন। বুধবার সন্ধ্যায় উপজেলার নাপিতের হাট এলাকায় এ ঘটনা ঘটে। মোস্তফা কামাল বলেন, দলের থেকে বহিষ্কৃত চেয়ারম্যান প্রার্থী আবদুর রব ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান।

ভোলা: সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের দালালবাড়ি মসজিদের সামনে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নুর ইসলাম ও সিরাজুল ইসলাম গোলদারের সমর্থকদের মধ্যে গতকাল দুপুরে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিশু, নারীসহ ১৮ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ইদ্রিস হাসানের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলার তারুয়া ইউনিয়নের তারুয়া বাজারে এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ে থাকা তাঁর নির্বাচনী প্রচারণাপত্র, লিফলেট, পোস্টার, ব্যানার ও নৌকা প্রতীক পুড়ে ছাই হয়ে গেছে।

পটুয়াখালী: বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামে গতকাল আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী এম হাফিজুর রহমানের প্রচারণায় বাধা এবং তাঁর কর্মী-সমর্থকের ওপর হামলায় প্রার্থীসহ ১০ জন আহত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী হামলার জন্য আওয়ামী লীগে প্রার্থী রফিকুল ইসলামকে দায়ী করেছেন।

পিরোজপুর: মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে গতকাল দুপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের ছয় সমর্থককে আওয়ামী লীগের প্রার্থী হারুন অর রশিদের সমর্থকেরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল: গতকাল সকালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে মেদাকুল বাজারে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুটি বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় পাঁচজন আহত হয়েছেন।

এ ছাড়া উজিরপুর উপজেলার হারতায় ইউনিয়নের ওয়ার্কার্স পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিমল করাতির প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী হরেন রায়ের সমর্থকদের হামলায় সাতজন আহত হন।