১০ জেলেকে অপহরণ, ট্রলারে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে জলদস্যুরা ১০ জন জেলেকে অপহরণ করেছে। গত সোমবার সাগরের ডুবজাহাজ এলাকায় ওই ঘটনা ঘটে। এ সময় এফবি খানজাহান নামে একটি ট্রলারে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অপহরণের শিকার জেলেরা হলেন এফবি বাবা মায়ের দোয়া ট্রলারের মো. মোস্তফা, সোলায়মান, জামাল, মিজান ও শানু মিয়া; এফবি মায়ের আশীর্বাদ ট্রলারের বশির মাঝি; এফবি ভাই ভাই ট্রলারের ইব্রাহিম মাঝি; এফবি বশির ট্রলারের মাসুম মাঝি; এফবি পিমন ট্রলারের লাল চাঁন মাঝি এবং আল্লাহর দান ট্রলারের সোহরাব হোসেন মাঝি।
দস্যুদের কবলে পড়া কয়েকজন জেলে বলেন, ডুবজাহাজ এলাকায় সোমবার দিবাগত রাতে অন্তত ২৫টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এ সময় জলদস্যুরা সেখানে হানা দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাঁরা ট্রলারগুলোতে লুটপাট চালায়। এ সময় মুক্তিপণের দাবিতে রাজু বাহিনীর পরিচয়ে ছয়টি ট্রলার থেকে ১০ জেলেকে অপহরণ করা হয়। এরপর ওই এলাকায় থাকা এফবি খান জাহান নামে একটি মাছধরা ট্রলারকে থামার সংকেত দেয় দস্যুবাহিনী। কিন্তু তা উপেক্ষা করে জেলেরা দ্রুত ট্রলার নিয়ে ওই এলাকা ত্যাগের চেষ্টা করেন। এ সময় দস্যুরা সেটিকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। ট্রলারটির পেছনের অংশে গুলি লেগেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এফবি পিমন ট্রলারের মালিক কাওসার মৃধা এবং মায়ের আশীর্বাদ ট্রলারের মালিক সুনীল সাহা জেলে জয়নাল আবেদীনের বরাত দিয়ে বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় দুই দিন আগে আলীপুর, মহিপুর, কুয়াকাটা, খালগোড়া, ঢোস, লালুয়া, ধানখালী এবং পার্শ্ববর্তী রাঙ্গাবালী উপজেলা থেকে ট্রলারগুলো সাগরে যায়।
এফবি পিমন ট্রলারের ব্যবসায়িক অংশীদার দিদার উদ্দিন আহমেদ বলেন, গত রোববার তাঁদের ট্রলারটি ১২ জন জেলে নিয়ে সমুদ্রে ইলিশ শিকারের জন্য যায়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে দস্যুরা জেলে লাল চাঁনকে অপহরণ করে নিয়ে যায়। সে সময় মুক্তিপণের টাকা কোথায় এবং কীভাবে দিতে হবে, জানিয়ে দেওয়া হবে বলে তারা চলে যায়।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বলেন, যে এলাকায় ডাকাতি হয়েছে, ওই এলাকা কোস্টগার্ডের পশ্চিম জোনের অংশ। তাদের সঙ্গে কথা বলে অভিযান আরও জোরদার করা হয়েছে।
কলাপাড়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সুলতান আহম্মেদ বলেন, ‘জেলেদের কাছে আমাদের মুঠোফোন নম্বর দেওয়া আছে। দস্যুদের কবলে পড়লে ওই নম্বরে ফোন করে জানানোর কথা। অথচ কোনো জেলে বা মৎস্য ব্যবসায়ী ঘটনা আমাদের জানায়নি।’
মহিপুর-আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি ফজলু গাজী বলেন, ‘প্রতিবছর মুক্তিপণের টাকা দিতে দিতে আমরা মৎস্য ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছি। আমরা সাগরে নিরাপদে মাছ ধরার নিশ্চয়তা চাই।’