নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর ইউনিয়নের পাতরাবাড়ী গ্রামের ডিলার শাহিন হোসেন খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীদের ওজনে কম চাল দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত বুধবার খাদ্যবন্ধব কর্মসূচির কার্ডধারীরা এই অভিযোগ দেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পাতরাবাড়ী গ্রামের ডিলার শাহিন হোসেন হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করেন। তিনি বালতিতে ওজন করে কার্ডধারীদের ৩০ কেজি করে চাল দিয়েছেন। ১০-১৫ জন কার্ডধারীর সন্দেহ হলে তাঁরা চালগুলো ওজন করে প্রতিজনকে দু-তিন কেজি চাল কম দেওয়া হয়েছে বলে নিশ্চিত হন। ওই কার্ডধারীরা ইউপি সদস্য জিল্লুর রহমানকে ঘটনাটি জানান।
জিল্লুর রহমান বলেন, তিনি গ্রামের কয়েক ব্যক্তি ও অভিযোগকারীদের সঙ্গে নিয়ে ডিলার শাহিনের কাছে গিয়ে চাল কম দেওয়ার কারণ জানতে চান। এ সময় ডিলার শাহিন ও তাঁর সহযোগীরা তাঁদের সঙ্গে খারাপ আচরণ করেন। ইউপি সদস্য বলেন, প্রত্যেক কার্ডধারীকে দু-তিন কেজি করে চাল কম দেওয়া হয়েছে।
রসুলপুর গ্রামের ৭০০ নম্বর কার্ডধারী আজিজ, ৭০১ নম্বর কার্ডধারী মো. কুদ্দুছ, ৭০৭ নম্বর কার্ডধারী কাজেম আলী, ৭১৬ নম্বর কার্ডধারী বেলী আরা ও ৭৩২ নম্বর কার্ডধারী আজিজ বলেন, তাঁদের প্রত্যেককে দু-তিন কেজি চাল কম দেওয়া হয়েছে।
সংরক্ষিত নারী সদস্য সাবিনা ইয়াসমিন বলেন, ডিলার শাহিন হোসেন ৪৯৭ জন কার্ডধারীর কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করেছেন। তাঁর কাছ থেকে এসব গরিব মানুষ প্রত্যেকে চাল কিনে প্রতারিত হয়েছেন। তাঁরা দু-তিন কেজি করে চাল কম পেয়েছেন।
শাহিন হোসেন ওজনে চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রত্যেককে সঠিক ওজনে চাল দেওয়া হয়েছে। কিন্তু কিছু লোক আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’
আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, পাতরাবাড়ী গ্রামে হতদরিদ্রদের চাল কম দেওয়ার বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।
বদলগাছির ইউএনও হুসাইন শওকত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের ওজনে কম দেওয়ার অভিযোগটি তিনি উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ফারজানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগের সত্যতা পেলে ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।