১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়ম
পটুয়াখালীর বাউফল উপজেলায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একই ডিলারের দোকানে দুই ধরনের চাল বিক্রি করা হচ্ছে। ডিলারের পরিচিতদের ভালো চাল দেওয়া হচ্ছে, আর অন্যদের দেওয়া হচ্ছে খারাপ চাল। এ নিয়ে হতদরিদ্র সুবিধাভোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
গতকাল রোববার দুপুরে মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া বাজারে গিয়ে দেখা যায়, খাদ্য অধিদপ্তর হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির একটি সাইনবোর্ড একটি দোকানের সামনে ফেলে রাখা হয়েছে। পাশেই কয়েকজন হতদরিদ্র মানুষ চেঁচামেচি করছেন। কারণ জানতে চাইলে তাঁদের একজন বলেন, ‘ডিলার মুখ চিন্না খাদিম দিচ্ছে। হ্যাগো পরিচিত লোকজনেগো ভালো চাউল দেয়, আর আমাগো দেয় খারাপ চাউল।’
এ সময় ডিলার মো. রফিকুল ইসলাম বলেন, খাদ্যগুদাম থেকে তাঁকে দুই রকমের চাল দেওয়া হয়েছে। যেসব চালের বস্তা মেশিনে সেলাই করা সেগুলোর মধ্যে অপেক্ষাকৃত ভালো চাল পাওয়া গেছে। আর হাতে সেলাই করা বস্তার মধ্যে কিছুটা নিম্নমানের লালচে চাল পাওয়া গেছে। তিনি দুই বস্তার চাল মিলিয়ে বিক্রি করছেন।
দোকানে থাকা বস্তার গায়ে লেখা রয়েছে খাদ্য অধিদপ্তরের জন্য। উৎপাদনের তারিখ উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের জানুয়ারি।
দরিদ্র সুবিধাভোগীরা অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে ভালো মানের চাল দেওয়া হলেও সে চাল কালোবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। আর কম টাকায় নিম্নমানের চাল কিনে আবার বস্তায় ভরা হচ্ছে। ওই বস্তাগুলোই হাতে সেলাই করা।
নিয়ম অনুযায়ী ডিলার সপ্তাহে শুক্র, শনি ও মঙ্গলবার চাল বিক্রি করবেন। কিন্তু ওই ডিলার রোববারে চাল বিক্রি করছেন। এ বিষয়ে চাল বিক্রির দায়িত্বে থাকা ডিলারের ভাই মো. সেলিম বলেন, কালাইয়া খাদ্যগুদাম থেকে বিক্রির জন্য ১২ মেট্রিক টন চাল আনা হয়েছিল। শনিবার পর্যন্ত সব চাল বিক্রি না হওয়ায় বাকি চাল রোববার কার্ডধারীদের মধ্যে বিক্রি করা হচ্ছে।
এ ব্যাপারে বাউফল উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মনিরুল হক বলেন, বস্তা দুই রকম হলেও চাল নিম্নমানের হওয়ার কথা নয়; কাছাকাছি মানের হওয়ার কথা। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।